দক্ষিণ এশিয়া

প্রথম ভারত সফরে নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, সম্পর্ক উন্নয়নে আলোচনার প্রত্যাশা

প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

কাঠমান্ডু,২১ নভেম্বর-নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর প্রথম ভারত সফরকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

নেপালের নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে ভারতের শীর্ষ নেতৃত্বের এটিই প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে দুই দেশের সম্পর্ক নতুনভাবে সাজানোর সুযোগ তৈরি হয়েছে এই সফরের মাধ্যমে।

রবিবার দুই দিনের সফরে নয়াদিল্লি পৌঁছানোর কথা ৩৬ বছর বয়সী সাবেক র‍্যাপার ও রাজনীতিক বালেন্দ্র শাহর। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

গত মার্চে শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বিপুল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় আসে। এর ছয় মাস আগে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন-জি আন্দোলনের মুখে কে পি শর্মা ওলির সরকার ক্ষমতাচ্যুত হয়। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই শাহর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।

সফরে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা, নতুন আকাশপথ চালু এবং গত আগস্টে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর পুনর্গঠনে ভারতের সহায়তার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ওই বন্যায় দেশটিতে এক হাজার ৪৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ। পুনর্গঠনের জন্য প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন বলে ধারণা করছে নেপাল সরকার।

ভারত ও নেপালের মধ্যে এক হাজার ৭৫০ কিলোমিটারের বেশি উন্মুক্ত সীমান্ত রয়েছে। দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্কও গভীর। তবে সীমান্ত বিরোধ, নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগ এবং দিল্লির ‘বড় ভাইসুলভ’ মনোভাব নিয়ে দীর্ঘদিন ধরেই কাঠমান্ডুতে অসন্তোষ রয়েছে।

২০১৯ সালে ভারতীয় মানচিত্রে নেপালের দাবিকৃত কয়েকটি ভূখণ্ড অন্তর্ভুক্ত করাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। পরে নেপালও নিজেদের মানচিত্রে ওই অঞ্চলগুলো যুক্ত করে। এবারের সফরে সীমান্ত বিরোধের সমাধানে আলোচনা শুরুর বিষয়টি উত্থাপন করা হতে পারে বলে আশা করছেন নেপালের বিশ্লেষকেরা।

অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। দুই দেশের বাণিজ্যের পরিমাণ ৯০০ কোটি ডলারের বেশি হলেও এতে ভারত লাভবান হচ্ছে বেশি। নেপালের প্রধান জ্বালানি তেল সরবরাহকারী দেশ ভারত। পাশাপাশি জলবিদ্যুৎ খাতেও দুই দেশের সহযোগিতা বাড়ছে। ভারত নেপাল থেকে সর্বোচ্চ এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রকল্প অনুমোদন করেছে। ভারতের মাধ্যমে বাংলাদেশেও বিদ্যুৎ রপ্তানি করছে নেপাল।

এদিকে ভারত সফরের আগে ১৫ নভেম্বর ২০ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলকে ১১ দিনের সফরে চীনে পাঠিয়েছেন শাহ। বিশ্লেষকদের মতে, দুই প্রভাবশালী প্রতিবেশী দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কৌশলের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে অভিজ্ঞতার ঘাটতি নিয়ে শাহর সরকারের সমালোচনাও রয়েছে। নেপালের রাজনৈতিক বিশ্লেষক কানক মণি দীক্ষিতের মতে, নতুন নেতৃত্বের মধ্যে কূটনীতির জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও বিচক্ষণতার অভাব দেখা যাচ্ছে। এ ছাড়া সরকারের বিরুদ্ধে সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করার অভিযোগও উঠেছে।

বিশ্লেষকদের মতে, দিল্লি থেকে পুনর্গঠন সহায়তাসহ সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করতে পারাই হবে শাহর সফরের সবচেয়ে বড় সাফল্য। দেশের ভেতরে বাড়তে থাকা সমালোচনা সামাল দিতেও এই সফরের ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এস এম/ ২১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language