বাণিজ্যের বাইরে শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে তুরস্ক সফরে যাচ্ছে বাংলাদেশের ১৫ সদস্যের দল

ঢাকা,২১ নভেম্বর-শুধু বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে আগামী ২২ থেকে ২৮ নভেম্বর বাংলাদেশের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক। এ সফরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জনপ্রশাসন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
দলে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন। তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) বাংলাদেশ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্ক সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সফরের মূল উদ্দেশ্য দুই দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করা। এর মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন এবং সরকারি খাতের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
সফরকালে আঙ্কারায় প্রতিনিধিদলটি তুরস্কের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য এবং শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া তুরস্কের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা পরিষদ (টুবিটাক) এবং উচ্চশিক্ষা পরিষদের (ইয়োক) সঙ্গেও তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তর, প্রতিরক্ষা শিল্প অধিদপ্তর, প্রবাসী তুর্কি ও সংশ্লিষ্ট সম্প্রদায়বিষয়ক অধিদপ্তর এবং ধর্মবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবে।
আঙ্কারায় আনুষ্ঠানিক বৈঠক শেষে প্রতিনিধিদলটি ইস্তাম্বুল সফর করবে। সেখানে তারা শহরটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনগুলো ঘুরে দেখবে।
এস এম/ ২১ নভেম্বর ২০২৬







