হাফ ভাড়া নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ইডেন শিক্ষার্থীদের আটক ১০ বাস

ঢাকা,২১ নভেম্বর-বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে একটি পরিবহনের বাসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ওই পরিবহনের ১০টি বাস আটক করেছেন কলেজের শিক্ষার্থীরা।
শনিবার সকালে ইডেন মহিলা কলেজের সামনে বাসগুলো আটকে দেন শিক্ষার্থীরা। পরে বাসগুলো কলেজের ভেতরে নিয়ে আসেন তারা। এ সময় অভিযুক্ত বাসকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা।
ইডেন কলেজের শিক্ষার্থী আলিফা রামিম বলেন, গতকাল শুক্রবার ইডেন কলেজের এক শিক্ষার্থীর কাছে নীলাচল বাসের এক হেলপার অতিরিক্ত ভাড়া দাবি করেন। ওই শিক্ষার্থী তার আইডি কার্ড দেখানোর পরও তার সঙ্গে বাজে ব্যবহার করা হয়। তাদের কাছে হেলপারের ছবি ও ভিডিও ফুটেজও রয়েছে। এ কারণে তারা বাস আটক করেছেন।
কলেজের আরেক শিক্ষার্থী বলেন, প্রতিদিনই মেয়েদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটে। মেয়েরা চুপ থাকে। মেয়েদের দুর্বল মনে করে তারা এসব কাজ করে। এ কারণে তারা বাস আটক করেছেন। পুলিশ আসছে, কলেজের প্রিন্সিপাল আসছেন এবং হল সুপাররা আছেন। সবাই এলে তারা তাদের দাবি জানাবেন। এখন পর্যন্ত তারা প্রায় ১০টি বাস আটক করেছেন। এ হয়রানি বন্ধ করতে হবে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল বলেন, ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি শুনতে এবং পরিস্থিতি দেখতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। শিক্ষার্থীদের অভিযোগ শুনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
এস এম/ ২১ নভেম্বর ২০২৬







