আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য যাচাইয়ে কেন্দ্রীয় ইউনিট গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ঢাকা,২৬ নভেম্বর-আমদানি-রপ্তানিসহ আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার মূল্য যাচাইয়ের জন্য নিজস্ব কেন্দ্রীয় নজরদারি ইউনিট গঠন এবং আন্তর্জাতিক মানের মূল্য যাচাই প্ল্যাটফর্মের গ্রাহক হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ-২ (এফইপিডি-২) এ বিষয়ে একটি সার্কুলার লেটার জারি করেছে। এটি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
সার্কুলার অনুযায়ী, আমদানি, রপ্তানি, সেবা এবং অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য প্রতিটি অনুমোদিত ডিলার ব্যাংককে একটি নির্দিষ্ট সেল বা ইউনিট গঠন করতে হবে।
এর পাশাপাশি অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে বলা হয়েছে। ব্যাংকের আর্থিক সক্ষমতা এবং কার্যক্রমের প্রয়োজন বিবেচনায় প্ল্যাটফর্মটি উপযুক্ত হতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তঃসীমান্ত লেনদেনে প্রতিযোগিতামূলক ও যৌক্তিক মূল্য নিশ্চিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
নতুন এই সার্কুলারে ২০২৬ সালের ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-এ, অনুচ্ছেদ ৭(২)-এর বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ওই অনুচ্ছেদে ঋণপত্র (এলসি) খোলা বা আমদানি কার্যক্রম শুরুর আগে আমদানিযোগ্য পণ্যের আন্তর্জাতিক বাজারমূল্য যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছিল। নতুন নির্দেশনা আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। এর আগেই সব ব্যাংককে নির্দিষ্ট সেল গঠন, উপযুক্ত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেওয়াসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।
এস এম/ ২৬ নভেম্বর ২০২৬







