মধ্যপ্রাচ্য

ইরানের দাবি, পশ্চিম এশিয়ায় ইউক্রেনের ড্রোন তৎপরতা বেড়েছে

ইউক্রেনের ড্রোন তৎপরতা

তেহরান,২৭ নভেম্বর- পশ্চিম এশিয়াজুড়ে কিয়েভের সামরিক মোতায়েন, প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং কথিত গোপন অভিযানের পরিধি বেড়েছে বলে অভিযোগ তুলে ইউক্রেনের ড্রোন তৎপরতা নিয়ে সতর্কবার্তা দিয়েছে ইরান।

ইরানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির পার্লামেন্টের সংবাদ সংস্থার প্রধান মেহদি রাহিমি জানিয়েছেন, ছোট আকারের মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) মোতায়েনসহ এই অঞ্চলে ইউক্রেনের কার্যক্রম সম্পর্কে তেহরানের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে।

রাহিমির ভাষ্যমতে, ইরানি বাহিনী সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের চেষ্টা করার সময় বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করে সেগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তিনি আরও জানান, ইরাক ও কুর্দিস্তান অঞ্চলসহ বেশ কয়েকটি প্রতিবেশী দেশ ইউক্রেনীয় অপারেটিভদের মোকাবিলা করছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

রাহিমি দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অঞ্চলকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সেবা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজের প্রাসঙ্গিকতা প্রমাণ করার চেষ্টা করছেন। বৃহস্পতিবার কুয়েতে ঘটে যাওয়া ঘটনাটিও ইউক্রেনের এই সম্পৃক্ততার অংশ হতে পারে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ন্যাটোকে টেনে আনার চেষ্টা করছে। আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপগুলোকে ন্যায্যতা দিতে ওয়াশিংটন ও ‘ইসরায়েল’ ফলস-ফ্ল্যাগ বা ছদ্মবেশী অভিযান পরিচালনা করছে বলেও অভিযোগ করেন তিনি। মেহদি রাহিমি বলেন, ইরান ও দেশটির সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় তাদের অঙ্গীকার এবং যেকোনো আগ্রাসনের মুখে পিছু না হটার দৃঢ়তা প্রমাণ করেছে। মার্কিন ও ইসরায়েলি হামলার দৃঢ় জবাব দেওয়ার মাধ্যমে তারা তা দেখিয়েছে।

সামরিক ফ্রন্টের বিষয়ে রাহিমি জোর দিয়ে বলেন, ইরান যেকোনো হামলা চালালে তা প্রকাশ্যেই ঘোষণা করে এবং আকাশসীমা লঙ্ঘনের জবাবে পুরো অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার কৌশল অনুসরণ করে। তিনি মার্কিন স্বার্থ ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আগাম হামলা বাড়ানোর দিকেও ইঙ্গিত করেন। পাশাপাশি জানান, ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন নৌ-অবরোধ ভাঙার প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে চালিয়ে যাচ্ছে।

এস এম/ ২৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language