মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা মোতায়েনে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করল ইরান

তেহরান,২৬ নভেম্বর-মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে ইরান। তেহরান বলেছে, এ অঞ্চলে বিদেশি বাহিনীর উপস্থিতি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখবে না। বরং এতে উত্তেজনা বাড়বে এবং চলমান সংঘাত আরও বিস্তৃত হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ সতর্কবার্তা দেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরাগচি জানান, এ অঞ্চলে যেকোনো বিদেশি বাহিনী মোতায়েন ‘শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা করবে না; বরং উত্তেজনা বাড়াবে এবং সংঘাতের পরিধি বিস্তৃত করবে’।
জবাবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন আশ্বস্ত করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা সিউলের নেই। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোরও কোনো সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া।
টেলিফোনে আলাপকালে আরাগচি শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয় শর্ত ও কাঠামো নিয়ে তেহরানের অবস্থান এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি চলমান সংঘাত বন্ধে সর্বশেষ কূটনৈতিক উদ্যোগগুলোর বিষয়েও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন তিনি।
এর আগে চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, সোমালিয়ার উপকূলে জলদস্যুবিরোধী টহল কার্যক্রমের পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে তারা। এর অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছাকাছি জলসীমায় টহল সম্প্রসারণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, জ্বালানি সরবরাহের জন্য মধ্যপ্রাচ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দক্ষিণ কোরিয়া। দেশটির জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়।
এস এম/ ২৬ নভেম্বর ২০২৬







