হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলবাহী ট্যাংকারে আগুন, নৌ চলাচলে ইরানের হুঁশিয়ারি

তেহরান,২৫ নভেম্বর-হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে এ ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি জলপথটির একটি অননুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে।
একই দিনে দেওয়া আরেকটি বিবৃতিতে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানান, হরমুজ প্রণালিতে নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করতে সামরিক বাহিনী নতুন ব্যবস্থা মোতায়েন করেছে। পাশাপাশি আগে থেকে থাকা ব্যবস্থাগুলোরও আধুনিকায়ন করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি বাহিনীর সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই যেসব জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করছে, সেগুলো বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ ধরনের জাহাজই মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, চলমান সংকট নিরসনে ওয়াশিংটনের কাছে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে বলেছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল আবারও শুরু করতে দেওয়া হবে না। তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা।
তবে কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এক প্রস্তাবে সমঝোতার ইঙ্গিতও দিয়েছে তেহরান। ওই প্রস্তাবে ইরান জানিয়েছে, ওয়াশিংটন তাদের শর্ত মেনে নিলে শর্ত পূরণের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালি আবারও সবার জন্য খুলে দেওয়া হবে।
এস এম/ ২৫ নভেম্বর ২০২৬







