জাতীয়

তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী

ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান যাচাই করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা,২৫ নভেম্বর-দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান যাচাই করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। তিনি নিজেই সেগুলো চালিয়ে বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক পরীক্ষা করে দেখেন।

এই উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে।

প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

মেয়েদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ২৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language