দেশজুড়ে ‘বাসিজি চেতনা’ ছড়িয়ে দিতে বাসিজ সংস্থাকে আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার

তেহরান,২৭ নভেম্বর- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের প্রতিটি প্রান্তে ‘বাসিজি চেতনা’ (স্বেচ্ছাসেবী ও আত্মত্যাগের আদর্শ) অব্যাহতভাবে ছড়িয়ে দেওয়ার জন্য দেশটির বাসিজ সংস্থার প্রতি জোর আহ্বান জানিয়েছেন। ‘বাসিজ সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এ আহ্বান জানান।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে সর্বোচ্চ নেতার পুরো বার্তাটি প্রকাশ করা হয়েছে। বার্তার শুরুতে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নাম স্মরণ করে আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, বাসিজের এই অসাধারণ ও অমূল্য আদর্শকে নতুনভাবে উপলব্ধি করার জন্য বাসিজ সপ্তাহ একটি উপযুক্ত সুযোগ। তিনি উল্লেখ করেন, প্রয়াত ইমাম খোমেনির উদ্যোগে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল পর্যায়ক্রমে এবং একটি বিকাশমান প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন প্রজন্মের উদ্যমী, আশাবাদী ও আত্মত্যাগী ইরানিদের একত্রিত করা। এসব মানুষ ইসলাম ও ইরানের মর্যাদা কামনা করেন এবং ইমাম হুসাইনের আদর্শের প্রতি অনুগত থেকে সত্য ও ন্যায়ের পক্ষে একটি শক্তিশালী মূলধারা গড়ে তোলেন।
সর্বোচ্চ নেতা তাঁর বার্তায় আট বছরের ‘পবিত্র প্রতিরক্ষা’ বা ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করে বলেন, ওই সময়ে সামরিক রণাঙ্গনে কার্যকর অংশগ্রহণের মাধ্যমে বাসিজ প্রথম নিজেদের সক্ষমতা প্রমাণ করেছিল এবং যুদ্ধ প্রচেষ্টার প্রধান ও কেন্দ্রীয় শক্তিতে পরিণত হয়েছিল। সেই পবিত্র সংগ্রামের পুরো সময়জুড়ে কিশোর-তরুণ থেকে শুরু করে প্রবীণ বয়সী বাসিজ সদস্যরা পরিখা ও দুর্গগুলোর আধ্যাত্মিক ও পবিত্র পরিবেশ থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছিলেন। তাঁদের অংশগ্রহণে দেশের শহর ও গ্রামগুলো এক আধ্যাত্মিক আবহে ভরে উঠেছিল।
এর ফলে বাসিজ ও এর সদস্যদের সম্পর্কে মানুষের মনে ঈমান, অঙ্গীকার, হৃদয়ের পবিত্রতা, আন্তরিকতা, দূরদর্শিতা, সাহসিকতা, আল্লাহর পথে সংগ্রাম, ধর্মীয় দায়িত্ব পালন এবং অন্যদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার একটি উজ্জ্বল চিত্র স্থায়ীভাবে গেঁথে যায়। আয়াতুল্লাহ খামেনি বলেন, এসব গুণ মূলত এই ভূখণ্ডের ধ্রুপদি সাহিত্যে খ্যাতিমান ও নৈতিকতাসম্পন্ন বীরদের বর্ণনায় ব্যবহার করা হতো। তখন পর্যন্ত কিংবদন্তির গল্পের কিছু চরিত্রকে এসব গুণের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু ইসলামি বিপ্লবের কল্যাণে বাস্তব জীবনের মানুষরাই বাসিজের পোশাক পরে সত্যিকারের গল্পের নায়ক হয়ে ওঠেন। তাঁরা অসংখ্য বীরত্বগাথা রচনা করেছেন এবং আত্মত্যাগের অগণিত দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি আরও বলেন, আট বছর পর পবিত্র প্রতিরক্ষা যুগের সম্মানজনক সমাপ্তি ঘটলেও বাসিজি চেতনার কারণে তা দেশের আনুষ্ঠানিক এবং বিশেষ করে অনানুষ্ঠানিক কাঠামোর বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব রেখে গেছে। পবিত্র প্রতিরক্ষা, ইমাম খোমেনির দিকনির্দেশনা এবং বিপুলসংখ্যক মানুষের সমর্থনের মধ্য দিয়ে এই চেতনা একটি বিশাল সম্পদে পরিণত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নিজের বার্তার বিভিন্ন দিক আরও বিস্তারিতভাবে তুলে ধরে সর্বোচ্চ নেতা চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেন।
এস এম/ ২৭ নভেম্বর ২০২৬







