ফটিকছড়িতে ৫৮ শিক্ষার্থী পেল বাইসাইকেল, ৩৯ নারী পেলেন সেলাই মেশিন

চট্রগ্রাম,২৭ নভেম্বর-চট্টগ্রামের ফটিকছড়িতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের নতুন বসতঘরের চাবি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ ও ঘরের চাবি বিতরণ করা হয়। ২০২৫-২০২৬ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
অনুষ্ঠানে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল, ৩৯ জন নারী উপকারভোগীর হাতে সেলাই মেশিন এবং ১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে নতুন বসতঘরের চাবি হস্তান্তর করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার সুযোগ বাড়াতে সরকারের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণের ফলে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এর মাধ্যমে উপকারভোগীরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আয়ে অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রব এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন ও নতুন বসতঘরের চাবি তুলে দেন।
এস এম/ ২৭ নভেম্বর ২০২৬







