ছানার পানি থেকে পুষ্টিকর পানীয় উদ্ভাবন, জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন সিভাসুর অধ্যাপক

ঢাকা,২৭ নভেম্বর -ফেলে দেওয়া ছানার পানি থেকে পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবন এবং সেই প্রযুক্তি উদ্যোক্তা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ পেয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অধ্যাপক ড. একেএম হুমায়ূন কবির।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন। ‘প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন (গবেষক)’ বিভাগে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। সিভাসুর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছানা তৈরির পর অবশিষ্ট তরল উপজাত ‘হুয়ে’ বা ছানার পানি সাধারণত ফেলে দেওয়া হয়। এতে পুষ্টিগুণ থাকলেও এর একটি বড় অংশ অব্যবহৃত থেকে যায়। অধ্যাপক কবিরের নেতৃত্বাধীন গবেষক দল এই উপজাত কাজে লাগিয়ে গাঁজন প্রক্রিয়ায় একটি পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবন করেছে।
২০২৫ সালে বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত এবং বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ উপস্থাপিত এই প্রযুক্তি ইতোমধ্যে খামারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে পৌঁছেছে। প্রশিক্ষণ ও পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে প্রযুক্তিটির বাণিজ্যিক সম্প্রসারণের সম্ভাবনাও তৈরি হয়েছে।
এস এম/ ২৭ নভেম্বর ২০২৬







