নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ঢাকা, ২৯ নভেম্বর – কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) রাত ৯টা ১১ মিনিটের দিকে রাজধানীর গুলশানের ১১৩ নম্বর সড়কের ১ নম্বর বাসা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. ফ. ম আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চলমান নাশকতামূলক ও অস্থিতিশীল কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার (অর্থায়ন) সঙ্গে স্বপন ভট্টাচার্যের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার রাতে গুলশানের ওই বাসা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত স্বপন ভট্টাচার্যের স্থায়ী নিবাস যশোর জেলার মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
গ্রেপ্তারের পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এনএন/ ২৯ নভেম্বর ২০২৬







