দুর্গাপূজায় কোনো হুমকি নেই, ৬৬৬ মন্দিরের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

ব্রাহ্মণবাড়িয়া,১৬ অক্টোবর-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্ব রিজিওন কমান্ড, সরাইল সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের হুমকি অনুভব করছেন না তাঁরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভালো রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরাইল রিজিওনের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো সমস্যা ছাড়াই শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া মন্দির পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুক্রবার থেকে শুরু হতে যাওয়া শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে উদযাপন করা যায়, সে বিষয়ে সবাইকে আশ্বস্ত করতে তাঁরা আজ শ্রী শ্রী রাধামাধব আখড়া মন্দির পরিদর্শন করেছেন। তাঁদের সরাইল রিজিওনের আওতায় জামালপুর থেকে ফেনী পর্যন্ত ১ হাজার ২০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তে ১৩টি ব্যাটালিয়ন প্রতিদিনের দায়িত্ব পালনের পাশাপাশি ১২৮ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। প্রায় আড়াই হাজার সদস্য শুধু পূজার নিরাপত্তার দায়িত্ব পালন করবেন, যাতে প্রয়োজনে বিজিবি দ্রুত পূজামণ্ডপে পৌঁছাতে পারে।
তিনি জানান, সরাইল রিজিওনের আওতায় ৬৬৬টি পূজামণ্ডপ রয়েছে। এসব মন্দিরে বিজিবির পক্ষ থেকে রেকি করা হয়েছে। বিজিবি সদস্যরা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেছেন, যাতে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সেখানে পৌঁছানো যায়। একই সঙ্গে বিজিবির আটটি বেইজ ক্যাম্প থাকবে। যেসব বিওপি থেকে দূরত্বের কারণে দায়িত্ব পালন করা কঠিন, সেসব এলাকায় এসব ক্যাম্প স্থাপন করা হয়েছে। সরাইল ব্যাটালিয়নে রয়েছে তিনটি বেইজ ক্যাম্প।
তিনি আরও বলেন, আখাউড়ার রাধামাধব আখড়া মন্দির পরিদর্শনের সময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁরা আত্মবিশ্বাসী যে সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারবেন। পুলিশ ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও বিজিবির যোগাযোগ রয়েছে। সবাই একসঙ্গে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, ২২ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজার সব আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২৫ বিজিবি (সরাইল ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ, রিজিওন সদর দপ্তর সরাইলের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মো. হাসানুজ্জামান এবং রাধানগর আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক অলক কুমার ঘোষসহ অন্যরা।
এস এম/ ১৬ অক্টোবর ২০২৬







