জাতীয়

মাশরাফির বিরুদ্ধে পলাতক আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাদের অর্থ সহায়তা ও দুই বিএনপি নেতা হত্যায় ইন্ধনের অভিযোগ রাশেদ খাঁনের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন

ঢাকা,২২ নভেম্বর-বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের নিয়মিত অর্থ পাঠান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে নড়াইলে দুই বিএনপি নেতা হত্যা ও সহিংসতার ঘটনায় মাশরাফি বিন মর্তুজার ইন্ধন ছিল বলে অভিযোগ করেন রাশেদ খাঁন।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের নিয়মিত টাকাপয়সা পাঠান মাশরাফি বিন মর্তুজা। সন্ত্রাসীদের দিয়ে সর্বশেষ তাণ্ডবও তিনিই চালিয়েছেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা তাঁর বাড়িতে ভাঙচুর চালানোয় যে ক্ষোভ তৈরি হয়েছিল, তা এখনো মাশরাফির মধ্যে রয়েছে। এর প্রতিশোধ নিতে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। এ জন্য বিপুল অর্থ ব্যয় করে জ্বালাও-পোড়াও ও হত্যাকাণ্ডে মদদ দিচ্ছেন।

রাশেদ খাঁন লেখেন, মাশরাফির অনুসারীরা ফেসবুকে প্রচার করছেন, তিনি নাকি বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশ দেননি। তাহলে মাশরাফি নিজেই কেন বলছেন না যে তিনি নিরপরাধ এবং বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশ দেননি? একসময় নিজেও মাশরাফির ভক্ত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজেই রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন। ক্ষমতার জন্য বাবা-ছেলে দুজনই পাগল হয়ে গিয়েছিলেন।

তিনি আরও লেখেন, মাশরাফি বিন মর্তুজা মনে করছেন, ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে। সেই আশায় দুই বছর বিরতির পর এ বছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। একজন গণহত্যার নির্দেশদাতাকে যিনি শুভেচ্ছা জানাতে পারেন, তাঁর নির্দেশনায় দুজনকে হত্যা করা অস্বাভাবিক কিছু নয় বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।

সবশেষে রাশেদ খাঁন লেখেন, মাশরাফির মধ্যে মনুষ্যত্ব থাকলে গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামতেন, অথবা গণঅভ্যুত্থানের পর ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নিতেন। কিন্তু তিনি লোভী। ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে এবং ‘আপা’ তাঁকে মন্ত্রী বানাবেন—এমন আশায় তিনি বুক বেঁধে আছেন। 

এস এম/ ২২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language