উত্তরখানে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তদন্তে পুলিশ

ঢাকা,২২ নভেম্বর-রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার পর এবার উত্তরখানে গভীর রাতে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ৩টা ১০ মিনিটের দিকে উত্তরখানের কাঁচকুড়া বেপারীপাড়া এলাকার সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভোর ৩টা ৫০ মিনিটে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) কে এইচ এম এরশাদ।
তিনি বলেন, রাতে বাসটি সড়কের ওপর পার্কিং করা ছিল। বাসের ভেতরে কেউ ছিল না। শেষ রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
এস এম/ ২২ নভেম্বর ২০২৬







