জাতীয়

১২ ডিসেম্বর কান্ট্রি গেমস ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা,২২ নভেম্বর-কান্ট্রি গেমসে অংশগ্রহণ ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এর আগে বিকেলে প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ছাড়াও সুনামগঞ্জের আরও তিন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও মোহাম্মদ কয়ছর আহমদ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর সফল করতে জেলা প্রশাসন প্রস্তুতি নেওয়া শুরু করেছে বলে জানা গেছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা সদরে আয়োজিত কান্ট্রি গেমসে অংশ নেবেন। এ সময় তিনি কুস্তিসহ অন্যান্য খেলাধুলা উপভোগ করবেন এবং বক্তব্য দেবেন। পরে সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসবেন বলে নিশ্চিত করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলা শহরের স্টেডিয়ামে জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা উপভোগ করবেন। পাশাপাশি সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর বাস্তবায়নে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফর করবেন। ঐতিহ্যবাহী কুস্তিসহ কান্ট্রি গেমস উপভোগ করতে তিনি সুনামগঞ্জে আসছেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে আয়োজনের প্রস্তুতি হিসেবে আজ বিকেলে ক্রীড়া মন্ত্রণালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জবাসী প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রয়েছেন।

এস এম/ ২২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language