জামালপুরে এমপি ও বিএনপি নেতার গাড়িতে পাল্টাপাল্টি ভাঙচুর

জামালপুর, ১১ জুলাই – জামালপুরের ইসলামপুরে স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ব্যক্তিগত গাড়িতে পাল্টাপাল্টি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলোতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে এই উত্তেজনার সৃষ্টি হয়।
জানা গেছে, ওই সময় ডাকবাংলোতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচিতি সভা চলছিল। সভার ফাঁকে ডাকবাংলোর নিচে রাখা এমপির ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে নবাবের অনুসারীরা। এর পরপরই এমপির সমর্থকরাও পাল্টা হামলা চালিয়ে নবাবের গাড়িটি ভাঙচুর করে। এ ঘটনার পর উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাত ৮টার দিকে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দেয়।
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, নতুন ইউএনওর সঙ্গে মতবিনিময়কালে কিছু দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে। তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এনএন/ ১১ জুলাই ২০২৬









