জামালপুর

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইন চেষ্টার জেরে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা

জামালপুর, ১০ জুন – জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের প্রচেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। পতাকা বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ও স্থানীয়রা তৎক্ষণাৎ বাধা প্রদান করলে ওই ব্যক্তি ভারত বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।

এই ঘটনাকে কেন্দ্র করে পুরো সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে পরে সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক এবং নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক পরিদর্শকের নেতৃত্বে প্রায় ৩০ মিনিটব্যাপী একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে বৈঠকে বিএসএফ ওই ব্যক্তিকে তাদের নাগরিক হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং তাকে ফেরত না নিয়েই চলে যায়। এতে সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ সদস্যরা কয়েক দফা ওই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও স্থানীয়দের তীব্র প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়।

এ সময় উভয় বাহিনীর সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনাও ঘটে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও লাঠিসোঁটা নিয়ে সীমান্তে অবস্থান নিয়েছেন। জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সকালে এক ব্যক্তিকে ভারত থেকে শূন্যরেখায় পাঠানো হয়েছে।

বিজিবি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এস এম/ ১০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language