জাতীয়

ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ ও আলোচনা

ঢাকা, ২৩ আগস্ট – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল। রোববার ডাকসু ভবনে ভিপির কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস এ স্টুয়ার্ড এবং পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সুযোগ সুবিধা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা, স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ আরও সম্প্রসারণ, একাডেমিক এক্সচেঞ্জ, গবেষণা ও ফেলোশিপ এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে দুই পক্ষ আলোচনা করেন।

এসময় ডাকসু ভিপি সাদিক কায়েম বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ আরও সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া, ইংরেজি ভাষা দক্ষতা, গবেষণা ও একাডেমিক লেখালেখি বিষয়ে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে ওয়ার্কশপ, সেমিনার ও কাউন্সেলিং কার্যক্রম আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন শিক্ষা ও পেশাগত প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংযোগ তৈরির সম্ভাবনা নিয়েও কথা বলেন তারা। এছাড়া শিক্ষার্থীদের জন্য মার্কিন দূতাবাসের শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, পাবলিক ডিপ্লোম্যাসি কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা, দুই দেশের তরুণদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং নেতৃত্ব বিকাশে যৌথ উদ্যোগ নেওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

সাক্ষাৎকালে ডাকসু ভিপি আন্তর্জাতিক স্কলারশিপ, গবেষণা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে আরও সম্পৃক্ত করতে এবং ভবিষ্যতে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এনএন/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language