চট্টগ্রাম

চট্টগ্রাম বোর্ডে তিন কলেজের কোনো শিক্ষার্থী পাস করেননি, পরীক্ষায় অংশ নেন ৯ জন

চট্টগ্রাম বোর্ড

চট্রগ্রাম,৩১ অক্টোবর-চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে মাত্র ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

শূন্য পাসের তালিকায় রয়েছে চট্টগ্রামের মেরন সান কলেজ, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ এবং কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।

এর মধ্যে মেরন সান কলেজ থেকে দুজন, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নেন। তিনটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৮০টি কলেজ থেকে মোট ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ১১৪টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।

এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা কমেছে ৩ হাজার ১৬৮ জন।

জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে কম পাসের হার খাগড়াছড়িতে, ২৯ দশমিক ৮৫ শতাংশ। রাঙামাটিতে পাসের হার ৩৩ দশমিক ২৪ শতাংশ এবং বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে, চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ।

এস এম/ ৩১ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language