কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন

কুমিল্লা,৩১ অক্টোবর-এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় প্রকাশিত ফলে দেখা গেছে, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ।
এবার পরীক্ষায় মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন। জিপিএ-৫ পেয়েছে মোট ১ হাজার ৩১৩ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবার এইচএসসি পরীক্ষার ফল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইআইআইএন ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটে এবং পরীক্ষার্থীরা মোবাইলের এসএমএসের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে নিজেদের ফল জানতে পারছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল অনুযায়ী, এবারও ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে।
পরীক্ষায় অংশ নেওয়া ৫৫ হাজার ৪৩৪ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ৪১৫ জন। অন্যদিকে, ৩৬ হাজার ৭২৮ জন ছাত্রের মধ্যে পাস করেছে ১৫ হাজার ৮৫৭ জন।
শিক্ষা বোর্ডের ফল অনুযায়ী, এবার এইচএসসি পরীক্ষায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছরের তুলনায় কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার কিছুটা কমেছে। ২০২৫ সালে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, ইংরেজি ও উচ্চতর গণিতে অকৃতকার্যের হার বেশি হওয়ায় এবার সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে।
এস এম/ ৩১ অক্টোবর ২০২৬







