কুমিল্লা

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুতির ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

ট্রেন চলাচল

কুমিল্লা,২২ অক্টোবর- কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। পরে রেললাইন মেরামতের কাজ শেষ হলে দুপুর ১২টা ২০ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো লাকসাম রেলওয়ে জংশনে নিয়ে আসা হয়। এরপর আপলাইনে ট্রেন চলাচল শুরু হয়। এর ফলে চট্টগ্রামের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী ট্রেনটি নাঙ্গলকোটের নাওটি ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগির চাকা লাইন থেকে ছিটকে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হন।

এদিকে, দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ট্রেন লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ জানতে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী আবু ইমতিয়াজ রাফি, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুদ এবং বিভাগীয় সিগন্যাল ও টেলিযোগাযোগ প্রকৌশলী আশিকুর রহমান।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় যাঁদের দায় পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে রেলওয়ের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এস এম/ ২২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language