কুমিল্লা

স্কুলছাত্রী তাজমিন হত্যা: গ্রেফতার সুমনকে কুমিল্লায় আনা হয়েছে, উদ্ধার মোবাইল

স্কুলছাত্রী তাজমিন হত্যা

কুমিল্লা, ১০ অক্টোবর- স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে চট্টগ্রাম থেকে কুমিল্লায় আনা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের সঙ্গে থাকা মোবাইল ফোনটিও উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুমন ছাড়া অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার পর সুমনকে কুমিল্লায় আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল এ ঘটনা নিয়ে কাজ করছে। চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে কুমিল্লায় নিয়ে আসা হয়েছে।

গ্রেফতার সুমন যাদের সঙ্গে ফোনে কথা বলেছেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে ঠিক কতজন জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে শুক্রবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান সুমনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

এস এম/ ১০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language