কুমিল্লা

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

কর্ণফুলী এক্সপ্রেস

কুমিল্লা,২১ অক্টোবর- কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোটের নাওটি স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

ট্রেনে থাকা একাধিক যাত্রী জানান, দুপুর ১২টা ২০ মিনিটের পর ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন ছেড়ে আসে। অন্যান্য দিনের তুলনায় এদিন ট্রেনটির গতি বেশি ছিল। নাওটি স্টেশন পার হওয়ার পর ট্রেনটির তিনটি বগি মারাত্মকভাবে লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ভেতরে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এতে একাধিক যাত্রীর হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। কয়েকজনের মাথাও ফেটে যায়। এ ছাড়া হুড়োহুড়ি করতে গিয়ে আরও কয়েকজন যাত্রী আহত হন।

ট্রেনের যাত্রী নাহিদা আক্তার বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ তীব্র শব্দ হয়। এরপর একজনের গায়ে আরেকজন কাত হয়ে পড়ে যান। কয়েকজন পদপিষ্ট হন। তাড়াহুড়ো করে ট্রেন থেকে নিচে নেমে তিনি ধোঁয়া বের হতে দেখেন।

নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছেন। তবে হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত জানতে পারেননি। কিছুক্ষণ পর ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন যাবে।

এস এম/ ২১ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language