পটুয়াখালী

কলাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে ৩০ জন আহত, হাসপাতালে ভর্তি ১৮ জন

যাত্রীবাহী বাস

পটুয়াখালী,২২ অক্টোবর- কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বান্দ্রা নামক স্থানে যাত্রীবাহী একটি বাস উল্টে রাস্তার বাইরে পড়ে গেছে। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, ওই সময় হেলপার বাসটি চালাচ্ছিলেন। বাসের যাত্রীরা সবাই পর্যটক ছিলেন। পর্যটন কার্নিভাল উপভোগ করতে তাঁরা কুয়াকাটায় যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই চালকসহ তাঁর সহযোগীরা পালিয়ে গেছেন বলে জানা গেছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, আহত প্রত্যেকেই বিভিন্নভাবে আঘাত পেয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। যাঁদের আঘাত গুরুতর, তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এস এম/ ২২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language