পটুয়াখালী

পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশসহ আহত ২

জেলেদের হামলায় পুলিশসহ আহত ২

পটুয়াখালী,২৪ অক্টোবর- পটুয়াখালীর গলাচিপায় বুড়াগৌরাঙ্গ নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় জেলেদের হামলায় এক পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নসংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে এ হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মো. জসিম উদ্দিন ও স্পিডবোটচালক মো. শাহজালালকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গলাচিপা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, পানপট্টি লঞ্চঘাট থেকে আগুনমুখা, তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকেল থেকে ট্রলার ও স্পিডবোট নিয়ে পুলিশ সদস্যদের সমন্বয়ে অভিযান শুরু করা হয়। পরে সন্ধ্যার দিকে রতনদী-তালতলী এলাকার পর বুড়াগৌরাঙ্গ নদীতে দুটি জাল দেখতে পান অভিযানে থাকা সদস্যরা। এরপর নদী থেকে একটি জাল ট্রলারে এবং অন্যটি স্পিডবোটে তুলে নেওয়ার চেষ্টা করছিলেন তাঁরা।

এ সময় দক্ষিণ দিক থেকে একটি দ্রুতগতির ট্রলার হঠাৎ এসে স্পিডবোটের চালককে বৈঠা দিয়ে আঘাত করার চেষ্টা করে। পাশে থাকা পুলিশ সদস্য জসিম উদ্দিন বৈঠাটি খালি হাতে ধরার চেষ্টা করলে দুজনই গুরুতর আহত হন।

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, বুড়াগৌরাঙ্গ নদীতে একটি ট্রলারে ১০ থেকে ১২ জন জেলে অবৈধভাবে মা ইলিশ শিকার করছিলেন। তাঁরা নদীতে জাল ফেলে কোথাও লুকিয়ে ছিলেন। জালগুলো উদ্ধারের সময় হঠাৎ বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির ট্রলার এসে কিছু বুঝে ওঠার আগেই হামলা চালায়। সন্ধ্যা হয়ে যাওয়ায় তাঁরা কাউকে চিনতে পারেননি।

তিনি আরও বলেন, এ ঘটনায় একজন পুলিশ সদস্য ও স্পিডবোটচালক গুরুতর আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, জেলেদের হামলায় আহত এক পুলিশ সদস্যসহ দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এস এম/ ২৪ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language