বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন ভারতীয় হাইকমিশনার

ঢাকা,২২ অক্টোবর- বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলন কক্ষে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইমক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন।
আলোচনার সময় প্রতিনিধিদলের সদস্যরা ভারতীয় ভিসা পেতে ভোগান্তির বিষয়টি তুলে ধরেন।
এ সময় হাইকমিশনার বলেন, ভারতীয় ভিসা পেতে যে সমস্যাগুলো হচ্ছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে যাঁরা চিকিৎসার জন্য ভারতে যেতে চান, তাঁরা যেন সহজে ভিসা পেতে পারেন, সে উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি আবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত সময় বা স্লট পেতে কেন দেরি হচ্ছে, তা বোঝার চেষ্টা চলছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলেও তিনি উল্লেখ করেন।
দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষের যাতায়াত যত বাড়বে, পারস্পরিক বন্ধুত্বও তত বেশি শক্তিশালী হবে। এ সময় তিনি ইমক্যাবের সদস্যদের ব্যক্তিগত খোঁজখবরও নেন।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন। এ সময় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভিকেও উপস্থিত ছিলেন।
এস এম/ ২২ অক্টোবর ২০২৬







