ইউরোপ

ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার একাধিক ডেটা সেন্টার, ব্যাহত এআই ও অনলাইন সেবা

ডেটা সেন্টার

মস্কো,২২ অক্টোবর- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে রাশিয়া। ই-কমার্স থেকে শুরু করে প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান নিয়েও দেশটি সব সময় গর্ব করে। কিন্তু ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ ডেটা সেন্টারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই স্বপ্ন এখন বড় ধাক্কার মুখে পড়েছে। দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের হামলায় হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে রাশিয়ার অনেক সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি মাসে ইউক্রেন রাশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়ানডেক্সের তিনটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে। এ ছাড়া রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সারব্যাংকের একটি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ভিকনতাক্তের একটি ডেটা সেন্টারেও হামলা হয়েছে। ভিকনতাক্তকে ফেসবুকের রুশ সংস্করণ বলা হয়। এসব প্রতিষ্ঠান তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি। তবে রাশিয়ার সাধারণ মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্লাউড সেবা ব্যবহারে বড় ধরনের সমস্যার কথা জানিয়েছে।

এই হামলার কারণে ব্যাংকিং, ই-কমার্স, জিওলোকেশন, রাইড শেয়ারিং এবং ইয়ানডেক্সের ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট আলিসাসহ মাল্টিমোডাল এআই চ্যাটবটের সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটছে। এর প্রভাব পড়েছে রাশিয়ার বিচারব্যবস্থাতেও। ডেটাবেসে প্রবেশ করতে না পারায় অনেক ক্ষেত্রে আরবিট্রেশন কোর্টের কার্যক্রম বাতিল বা স্থগিত করতে হয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, এই ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। ইন্টারনেট প্রোটেকশন সোসাইটির প্রধান মিখাইল ক্লিমারেভের মতে, এর ফলে এআই প্রতিযোগিতায় রাশিয়া অনেকটা পিছিয়ে পড়বে। ইউরেশিয়া গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক নিক রেইনার্স বলেন, কৌশলগত দিক থেকে ডেটা সেন্টারগুলো খুব ভালো লক্ষ্যবস্তু। কারণ, এগুলো ধ্বংস করা সহজ হলেও এর ভেতরে থাকা প্রযুক্তি অত্যন্ত সংবেদনশীল ও ব্যয়বহুল।

ইউক্রেন সাধারণত তাদের গুরুত্বপূর্ণ ডেটা মিত্র দেশগুলোতে সংরক্ষণ করে। এতে রাশিয়ার হামলা থেকে সেগুলো সুরক্ষিত থাকে। অন্যদিকে, রাশিয়ায় ডেটা সংরক্ষণের নিয়ম কঠোর হওয়ায় দেশের ভেতরেই তথ্য রাখা বাধ্যতামূলক। এ কারণে ইউক্রেনের হামলায় রাশিয়ার ডেটা সেন্টারগুলো সহজেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার পর বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের ডেটা দেশের বাইরে সরিয়ে নিতে বাধ্য হতে পারে। এতে রাশিয়ার ইন্টারনেট ব্যবস্থা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি কমতে পারে।

রাশিয়ার ডিজিটাল ব্যবস্থায় ইয়ানডেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্চ ইঞ্জিন থেকে শুরু করে রাইড শেয়ারিং ও ই-কমার্স প্ল্যাটফর্ম পর্যন্ত বিভিন্ন সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। ড্রোন হামলার কারণে এসব সেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ইয়ানডেক্স জানিয়েছে, কয়েক দিনের মধ্যে তারা কিছু সেবা আবার চালু করতে পারলেও এআই উন্নয়নে দীর্ঘমেয়াদে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠা কঠিন হবে। এ ছাড়া বিশ্বজুড়ে চিপের সংকট থাকায় ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টারগুলো মেরামত করে আবার চালু করতে অনেক সময় ও অর্থ ব্যয় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এস এম/ ২২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language