ফুটবল

প্রথমবার প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড নিতে স্পেনে যাচ্ছেন মেসি

লিওনেল মেসি

বুয়েনস আইরেস,২২ অক্টোবর- প্রথমবারের মতো প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড নিতে স্পেনে যাচ্ছেন লিওনেল মেসি। দেশটির রাজপরিবারের মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক পুরস্কারের ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী হয়েছেন ফুটবল জাদুকর মেসি।

আগামী ২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদোর তেয়াত্রো কাম্পোয়ামোরে রাজা ষষ্ঠ ফেলিপে ও রানী লেতিসিয়ার উপস্থিতিতে এই পুরস্কার গ্রহণ করবেন তিনি। এবারই প্রথম এককভাবে কোনো ফুটবলার এই স্বীকৃতি পাচ্ছেন।

১৯৮১ সালে এই পুরস্কারের যাত্রা শুরু হয়। বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও খেলাধুলাসহ মোট আটটি বিভাগে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হুয়ান মিরোর নকশা করা ভাস্কর্য দিয়ে সম্মানিত করে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন। এর সঙ্গে দেওয়া হয় সনদ, ব্যাজ ও ৫০ হাজার ইউরো অর্থমূল্যের পুরস্কার।

গত ৩ জুন স্পেনের ওভিয়েদোতে জুরির আনুষ্ঠানিক ঘোষণায় মেসিকে বিজয়ী করা হয়। মাঠে তাঁর ধারাবাহিকতা, বিনয় ও অর্জনের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তাঁর নিয়মিত দাতব্য কার্যক্রমও এ স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২৭ জন মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির মধ্য থেকে মেসিকেই বেছে নেয় প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।

এস এম/ ২২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language