ট্রানজিটে ঢাকায় পৌঁছেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

ঢাকা,১৮ অক্টোবর-মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে অল্প সময়ের জন্য ঢাকায় যাত্রাবিরতি করেছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রোববার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
জানা গেছে, মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ট্রানজিট পয়েন্ট হিসেবে ঢাকা ব্যবহার করছেন ফিফা সভাপতি। তবে ঢাকায় অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি।
ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের সহসভাপতিরা। ফিফা সভাপতিকে স্বাগত জানাতে বাফুফের পক্ষ থেকে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল।
এর আগে ইন্দোনেশিয়ায় আয়োজিত ফিফা আসিয়ান কাপের ব্যস্ততার মধ্যেও ইনফান্তিনোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন তাবিথ আউয়াল।
এস এম/ ১৮ অক্টোবর ২০২৬







