ইউরোপ

এপেক সম্মেলনে পুতিন, শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা

পুতিন, শি জিনপিং ও ট্রাম্প

মস্কো,২২ অক্টোবর- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে একটি ঐতিহাসিক বৈঠকে বসতে পারেন। সম্প্রতি মস্কোর পক্ষ থেকে এমন সম্ভাবনার কথা জানানো হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনে তিন বিশ্বনেতার সম্ভাব্য বৈঠক নিয়ে কথা বলেছেন। উশাকভ জানান, চীন ইতোমধ্যে তিন শীর্ষ নেতার এই সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি শুরু করেছে। তিনি বলেন, সব পক্ষই বৈঠকটি আয়োজনের বিষয়ে প্রস্তুত রয়েছে। তবে এ ক্ষেত্রে অনেক কিছুই নির্ভর করছে শীর্ষ সম্মেলনের মূল আয়োজক চীনের ওপর।

আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে এপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উশাকভের মতে, তিন নেতার এই বৈঠকের সম্ভাবনা নিয়ে সেন্ট পিটার্সবার্গে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রস্তাবিত এই সম্মেলনকে সম্ভাব্য ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করে উশাকভ বলেন, বৈঠকটি অনুষ্ঠিত হলে ইতিহাস তৈরি হবে। কারণ, নির্দিষ্ট এই কাঠামোয় তিন নেতার এমন বৈঠক এবারই প্রথম হতে যাচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গ তুলে উশাকভ জানান, পুতিন ও ট্রাম্পের মধ্যে সর্বশেষ সরাসরি সাক্ষাৎ হয়েছিল ২০২৫ সালের আগস্টে আলাস্কার অ্যাঙ্করেজে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে। এরপরও দুই নেতার মধ্যে নিয়মিত ফোনালাপ অব্যাহত রয়েছে। তাঁদের সর্বশেষ ফোনালাপ হয়েছিল চলতি বছরের ৯ অক্টোবর। অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যেও নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনা চলছে। গত আগস্টে বিশকেকে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁরা বৈঠক করেন। এর আগে গত মে মাসে পুতিনের চীন সফরের সময়ও দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

এস এম/ ২২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language