ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প ও শি জিনপিংকে সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব পুতিনের

মস্কো,১৯ অক্টোবর-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে চীনে এই বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি। তবে বৈঠকে এখনো সম্মতি জানাননি ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত বৈঠকটি আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে আয়োজন করা হতে পারে। তবে এ বৈঠকের প্রস্তাব নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বাদ দিয়ে যুদ্ধ নিয়ে আলোচনা করার সম্ভাবনা উদ্বেগ তৈরি করেছে। কারণ, এই যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ইউক্রেন ও ইউরোপের নেতারা আলোচনায় অংশ নেওয়ার সুযোগ নাও পেতে পারেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে কিংবা শেষ পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সমঝোতা হয়নি বলে জানান তিনি।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ অক্টোবর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় পুতিন এই বৈঠকের প্রস্তাব দেন। রাশিয়ার সাবেক এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ওই ফোনালাপে রাশিয়ার ডিজেল জ্বালানি কেনা এবং আন্তর্জাতিক বাজারে তা বিক্রির সুযোগ করে দেওয়ার বিষয়েও একটি সমঝোতা হয়েছিল।
এদিকে গত মাসে ট্রাম্প স্বাক্ষরিত একটি দ্বিদলীয় বিলের আওতায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের যে পরিকল্পনা ছিল, তা বাস্তবায়নও স্থগিত রেখেছে ওয়াশিংটন। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেক মার্কিন আইনপ্রণেতা। তাঁদের মধ্যে ট্রাম্পের নিজ দলের মিত্ররাও রয়েছেন।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, জ্বালানির দাম কমানোর কার্যকর বিকল্প খুব বেশি না থাকায় ট্রাম্প এসব সিদ্ধান্ত নিয়েছেন।
এস এম/ ১৯ অক্টোবর ২০২৬







