উত্তর আমেরিকা

বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরীর কলেরা টিকা নিয়ে গবেষণার প্রশংসায় বিল গেটস

বিল গেটস ও বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরী

ওয়াশিংটন, ১৯ অক্টোবর-বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরীর গবেষণার প্রশংসা করেছেন প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস। গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেন, মুখে খাওয়ার কলেরা টিকা ব্যবহারের মাধ্যমে রোগটির প্রাদুর্ভাব ঠেকাতে কাজ করছেন ফিরদৌসী কাদরী ও তাঁর সহগবেষকেরা।

ভিডিওতে বিল গেটস বলেন, কলেরা একটি মারাত্মক ডায়রিয়াজনিত রোগ, যা মূলত দূষিত পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। সময়মতো চিকিৎসা না হলে এই রোগ দ্রুত প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে নিরাপদ পানির অভাব এবং অপর্যাপ্ত স্যানিটেশনের কারণে কলেরা ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়। দীর্ঘমেয়াদে এই রোগ নিয়ন্ত্রণে নিরাপদ পানি ও উন্নত পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। তবে এ ধরনের অবকাঠামো গড়ে তুলতে সময় ও অর্থ দুটিই প্রয়োজন। এ ক্ষেত্রে মুখে খাওয়ার কলেরা টিকা দ্রুত সুরক্ষা দেওয়ার একটি কার্যকর উপায়।

বিল গেটস আরও বলেন, এই টিকা সহজেই গ্রহণ করা যায় এবং কলেরার মতো মারাত্মক রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। ফিরদৌসী কাদরী ও তাঁর সহগবেষকদের কাজ অসংখ্য মানুষের জীবন বাঁচাতে সহায়তা করছে।

ভিডিওতে ফিরদৌসী কাদরীর বক্তব্যও তুলে ধরা হয়েছে। তিনি বাংলাদেশের জাতীয় কলেরা নিয়ন্ত্রণ পরিকল্পনার কথা উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই পরিকল্পনায় কখন এবং কোথায় টিকা দিতে হবে, সে বিষয়ে নির্দেশনা রয়েছে। পরিকল্পনা ও রোডম্যাপ বাস্তবায়নের জন্য প্রায় ১০ কোটি ডোজ টিকা প্রয়োজন।

ফিরদৌসী কাদরী বলেন, শীতকালসহ বছরের নির্দিষ্ট কিছু সময়ে কলেরার প্রাদুর্ভাব বেড়ে যায়। পরিস্থিতি খারাপ হলে আক্রান্তের হার ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। তাই পরিকল্পনা বাস্তবায়নে সময়মতো টিকা সরবরাহ নিশ্চিত করা জরুরি।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বাংলাদেশে সাশ্রয়ী মূল্যের মুখে খাওয়ার কলেরা টিকা নিয়ে গবেষণা এবং এর সহজলভ্যতা বাড়াতে সহায়তা করে আসছে। এ কাজে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং ফিরদৌসী কাদরীর সঙ্গে ফাউন্ডেশনটির সহযোগিতা রয়েছে।

ফিরদৌসী কাদরী আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন বাংলাদেশি বিজ্ঞানী। তিনি আইসিডিডিআরবির মিউকোসাল ইমিউনোলজি ও ভ্যাকসিনোলজি ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগেও বিল গেটস তাঁর ব্যক্তিগত ব্লগ ও ওয়েবসাইট ‘গেটস নোটস’-এ ফিরদৌসী কাদরীর গবেষণা এবং তাঁর অবদানের কথা তুলে ধরেছেন।

এস এম/ ১৯ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language