সৌদি আরবে ম্যাক্রোঁর আকস্মিক সফর, ফ্রান্সে ডিজেল সরবরাহ বাড়াতে সম্মত রিয়াদ

রিয়াদ,২২ অক্টোবর- ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার আকস্মিক সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে গেছেন।
চলতি মাসে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা বাড়ানোর পর দেশটিতে সফর করা প্রথম পশ্চিমা নেতা হলেন তিনি।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সপ্তাহান্তে সহিংস বিক্ষোভের পর জ্বালানি তেল ও ডিজেলের সরবরাহ নিশ্চিত করা এবং দাম কমানোর লক্ষ্য নিয়ে উপসাগরীয় অঞ্চলে সফর করছেন ম্যাক্রোঁ। এ সফরের অংশ হিসেবেই তিনি সৌদি আরবে গেছেন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ম্যাক্রোঁ।
বৈঠকে ফ্রান্সের যত মাস অতিরিক্ত ডিজেল প্রয়োজন হবে, তত মাস সরবরাহ করতে সম্মত হয়েছে সৌদি আরব। পাশাপাশি নিরাপত্তা সহযোগিতা বাড়ানো এবং অবরুদ্ধ হরমুজ প্রণালি এড়িয়ে চলার বিকল্প অবকাঠামো প্রকল্প নিয়ে আলোচনা করতেও দুই পক্ষ একমত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, রিয়াদে তিন ঘণ্টারও কম সময় অবস্থান করেছেন ম্যাক্রোঁ।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সৌদি আরবের ভূখণ্ডে হুতি বিদ্রোহীদের হামলার মুখে দেশটির প্রতি ফ্রান্সের সংহতি প্রকাশ করাই এ সফরের উদ্দেশ্য।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে হুতিদের হামলা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। এর ফলে দেশটির প্রধান বিমানবন্দর বন্ধ করতে হয়েছে এবং একটি বড় বিনিয়োগ সম্মেলন পিছিয়ে দিতে বাধ্য হয়েছে রিয়াদ। এ ছাড়া হুতিদের সামুদ্রিক অবরোধ সৌদি আরবের তেল রপ্তানির জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।
উপসাগরীয় অঞ্চলে সফর নিয়ে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন ম্যাক্রোঁ। তবে জ্বালানির দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকে কেন্দ্র করে ফ্রান্সে চলমান অসন্তোষ কমাতে তিনি নিজের দায়িত্ব পালন করছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, ‘উদ্বিগ্ন বা বিচলিত হওয়ার কোনো লক্ষণ দেখানো চলবে না। আমি আমার দায়িত্ব পালন করছি। আমি আমার কর্মস্থলে আছি।’
এর আগে বুধবার কাতারের রাজধানী দোহায় ম্যাক্রোঁ জানান, হুতি বিদ্রোহীদের হামলা থেকে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু তেল টার্মিনাল রক্ষায় সহায়তা করতে ফ্রান্স সেনাসদস্য পাঠিয়েছে।
তিনি বলেন, ‘গত আট দিন ধরে ইয়ানবুতে আমাদের সেনাসদস্য ও সামরিক সক্ষমতা মোতায়েন রয়েছে। এ বিষয়ে আমরা সৌদি আরবের সঙ্গে কাজ করছি। তাই এখানে আমাদের প্রতিরক্ষামূলক ভূমিকা রয়েছে।’
এস এম/ ২২ অক্টোবর ২০২৬







