মধ্যপ্রাচ্য

‘ফাদার অব অল বোমস’ আনছে ইরান! ক্ষেপণাস্ত্রের মজুত দেড় গুণ বাড়িয়ে চরম রণহুংকার আইআরজিসির

তেহরান, ২২ অক্টোবর – বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এক অভূতপূর্ব সামরিক শক্তির জানান দিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র হোসেইন মোহেব্বি জানিয়েছেন, ইরান খুব শীঘ্রই শত্রুপক্ষকে চমকে দিতে ‘ফাদার অব অল বোমস’ (Father of All Bombs) নামের এক নতুন ও অত্যন্ত ধ্বংসাত্মক অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে।

বুধবার (২২ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা ‘ইয়াং জার্নালিস্টস ক্লাব’-কে দেওয়া এক বিবৃতিতে মোহেব্বি এই ঘোষণা দেন। তবে নিরাপত্তার খাতিরে অস্ত্রটির প্রযুক্তিগত বৈশিষ্ট্য বা ধ্বংসক্ষমতা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোমস’-এর জবাবেই কি তেহরানের এই পদক্ষেপ?

এই ঘটনার ঠিক কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ (MOAB)—যা ‘মাদার অব অল বোমস’ (Mother of All Bombs) নামে পরিচিত—ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন। প্রায় ৯,৮০০ কেজি ওজনের এই ভয়াল বিস্ফোরক এর আগে ২০১৭ সালে আফগানিস্তানে আইএসের সুড়ঙ্গ ধ্বংস করতে ব্যবহৃত হয়েছিল।

ধারণা করা হচ্ছে, ট্রাম্পের সেই হুমকির কড়া জবাব দিতেই আইআরজিসি তাদের নিজস্ব ‘ফাদার অব অল বোমস’ সামনে আনছে।

ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানা ও প্রতিরক্ষানীতিতে ঐতিহাসিক পরিবর্তন

আইআরজিসির মুখপাত্র আরও দাবি করেন, ২০২৫ সালের জুনে ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের পর থেকে তেহরানের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার শুধু দেড় গুণ বৃদ্ধিই পায়নি, বরং এর গুণগত মান ও লক্ষ্যবস্তুতে আঘাত হানার কৌশলও অবিশ্বাস্যভাবে উন্নত হয়েছে।

“আগে আমাদের প্রতিরক্ষা নীতি ছিল শুধু প্রতিরোধমূলক—আক্রান্ত হলে জবাব দেওয়া। কিন্তু এখন আমাদের নীতি বদলে গেছে। এখন শত্রু আক্রমণ করলে আমরা কেবল প্রতিরোধই করব না, বরং এমনভাবে প্রচণ্ড পাল্টা আঘাত হানব যাতে তারা জবাবের তীব্রতা হাড়ে হাড়ে অনুভব করে।”— হোসেইন মোহেব্বি (মুখপাত্র, আইআরজিসি)

হরমুজ প্রণালীতে মার্কিন ও ইরানি উত্তেজনার মাঝে তেহরানের এই নতুন সুপার-অস্ত্রের ঘোষণা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলল।

এনএন/ ২২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language