গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ নিহত ৭, পশ্চিম তীরে কূটনীতিকদের ওপর হামলায় গ্রেফতার ১০

গাজা,২১ অক্টোবর- ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার বিভিন্ন এলাকায় হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিম দিকে আল-সাওয়ারহা কবরস্থানের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন। এ ছাড়া ওয়াদি গাজা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশু প্রাণ হারিয়েছে।
উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আল-কুসাইস এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যদিকে, গাজা শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেইতুন এলাকায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গাজা শহরের পশ্চিমাঞ্চলে আল-শিফা হাসপাতালের কাছে একটি আবাসিক বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি অ্যাটাক হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তিন নারীসহ আরও চারজন আহত হয়েছেন।
দক্ষিণ গাজাতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। খান ইউনিসের দক্ষিণে কিজান আবু রাশওয়ান এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া হামাদ সিটি ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সামরিক বাহিনীর গুলিবর্ষণে এক নারী ও দুই শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
পশ্চিম তীরে কূটনীতিকদের ওপর হামলা, গ্রেফতার ১০
এদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এরই মধ্যে গত কয়েক দিনে কূটনীতিকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।
গত শনিবার তাইবেহর কাছে মুখোশধারী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বেলজিয়াম, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিকদের ওপর হামলা চালায়। এ সময় তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়।
ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তেল আবিবের নিরাপত্তা বাহিনী ১০ জনকে গ্রেফতার করেছে।
কূটনীতিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার এক বিবৃতিতে জোটটি এ ঘটনার প্রতিবাদ জানায়। একই দিনে পৃথক বিবৃতিতে হামলার নিন্দা জানায় কানাডাও।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ হামলাটিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বসতি স্থাপনকারীদের এ ধরনের সহিংসতা একটি বৃহত্তর প্রবণতার অংশ। এর ফলে ফিলিস্তিনি জনবসতিগুলো হুমকির মুখে পড়ছে এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা দুর্বল হয়ে পড়ছে।
বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলার প্রতিবাদে রবিবার জেরুজালেমে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের বাইরে বিক্ষোভ করেন দেশটির সাবেক কূটনীতিকরা। এ সময় তাঁরা ইহুদি সন্ত্রাসবাদের অবসানের দাবি জানান।
এদিকে, পশ্চিম তীরের একটি খ্রিষ্টান অধ্যুষিত গ্রাম সফর করেছেন মার্কিন কূটনীতিকরা। চলমান উত্তেজনার মধ্যেই তাঁরা ওই গ্রাম সফর করে একটি গির্জা পরিদর্শন করেন।
এস এম/ ২১ অক্টোবর ২০২৬







