শিক্ষা

কারিগরি বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ বেড়ে ১ হাজার ৮৮৬

কারিগরি বোর্ড

ঢাকা,৩১ অক্টোবর-কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন ৪৯ দশমিক ৪৩ শতাংশ পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮৮৬ জন।

গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬১০ জন। অর্থাৎ, এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ২৪ শতাংশ পয়েন্ট। অন্যদিকে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২৭৬ জন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এরপর দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

এবার সার্বিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

অন্যদিকে, গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। ফলে এবার সামগ্রিকভাবে পাসের হার ও সর্বোচ্চ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা মিলিয়ে মূল পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এবং ৯ সেপ্টেম্বর শেষ হয়।

এস এম/ ৩১ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language