আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ ৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি

ঢাকা,১০ নভেম্বর- ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে সেখানে কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও।
সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। পরে শারমিন গ্রুপের একটি ফ্লোর, এনভয়, স্টারলিংসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। এরপর কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
ছুটি ঘোষণার পর শ্রমিকরা অন্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেমে থেমে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং টিয়ারশেল ছোড়ার ঘটনা ঘটে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
এদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এসব এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি সদস্যও দায়িত্ব পালন করছেন।
চলমান শ্রমিক অসন্তোষের কারণে নিউএইজ গ্রুপের অধীনে আশুলিয়ায় অবস্থিত সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের কারণে কারখানা কর্তৃপক্ষ ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে।
এস এম/ ১০ নভেম্বর ২০২৬







