দক্ষিণ কেরানীগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ

ঢাকা,১০ নভেম্বর-ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর ১০ মিনিট পর ইকুরিয়া বাজার এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা থানার সামনে টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ সেটি উদ্ধার করে পানিভর্তি একটি বালতিতে রাখে।
এরপর সন্ধ্যা ৭টার দিকে ইকুরিয়া বাজার এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরপর দুটি ঘটনার কারণে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, থানা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটিয়েছে। ইকুরিয়া বাজারেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এস এম/ ১০ নভেম্বর ২০২৬







