সম্পাদকের পাতা

বিশ্বজুড়ে কানাডার বাণিজ্য সম্প্রসারণে নতুন দিগন্ত খুলছেন মার্ক কার্নি

নজরুল মিন্টো

কানাডার ব্যবসা-বাণিজ্যকে বিশ্বের আরও বেশি দেশে ছড়িয়ে দিতে একের পর এক উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। চীনের সঙ্গে নতুন সমঝোতায় প্রায় ৪০ কোটি ডলারের কানাডীয় পণ্য রপ্তানিতে মিলছে শুল্ক ছাড়ের সুযোগ। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় ৭০ কোটি মানুষের বাজারে প্রবেশের জন্য এগিয়ে চলছে দুটি মুক্তবাণিজ্য চুক্তি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাড়ছে অর্থনৈতিক সহযোগিতা, মধ্যপ্রাচ্যে তৈরি হচ্ছে নতুন বিনিয়োগের সম্ভাবনা। চীন থেকে ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, কানাডার বাণিজ্যিক যোগাযোগ এখন বিস্তৃত হচ্ছে বিশ্বের নানা প্রান্তে। নতুন বাজার, নতুন ক্রেতা ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়াই কার্নির লক্ষ্য।

মঙ্গলবার ১৭ নভেম্বর চীনের শেনঝেন শহরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক সম্মেলন উপলক্ষে চীন সফরের সময় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নতুন সমঝোতা হয়। এর আওতায় কানাডার প্রায় ৪০ কোটি ডলারের কৃষি ও সামুদ্রিক খাদ্যপণ্যের ওপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে সম্মত হয়েছে চীন। নতুন এই সুবিধা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। বিনিময়ে কানাডায় পর্যাপ্ত উৎপাদন নেই এমন আরও ৩২ ধরনের চীনা ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য আমদানিতে শুল্কসুবিধা বাড়ানো হচ্ছে।

চীনের বাজারে কানাডার অবস্থান আগে থেকেই গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে দুই দেশের পণ্যবাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১২ হাজার ৫৬০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি। একই বছর কানাডা চীনে প্রায় ৩ হাজার ৫১০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। চীন এখন কানাডার দ্বিতীয় বৃহত্তম একক দেশের বাণিজ্যিক অংশীদার। কার্নির সরকার চলতি দশকের শেষ নাগাদ চীনে রপ্তানি ৫০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নিয়েছে। এ জন্য কৃষিপণ্যের পাশাপাশি জ্বালানি, খনিজ সম্পদ, প্রযুক্তি ও আর্থিক সেবায় সহযোগিতা বাড়ানো হচ্ছে।

চীনের বাজারে কানাডীয় পণ্যের প্রবেশ আরও সহজ করতে চলতি বছর কয়েক দফা বাণিজ্যিক সমঝোতা হয়েছে। কানাডা সরকারের ১৭ নভেম্বরের ঘোষণা অনুযায়ী, চীনের অতিরিক্ত শুল্কের আওতায় থাকা প্রায় ৭৫০ কোটি ডলারের কানাডীয় রপ্তানিপণ্যের ৯০ শতাংশের বেশি অংশের জন্য বাজারে প্রবেশের সুযোগ পুনরুদ্ধার করা হয়েছে। এটি কানাডার কৃষক, মৎস্যজীবী ও রপ্তানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি।

শুধু পণ্য রপ্তানি নয়, চীনের সঙ্গে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোরও উদ্যোগ নিয়েছে কানাডা। ২০২৭ সালে একটি বড় বাণিজ্যিক প্রতিনিধিদল চীনে পাঠানোর ঘোষণা দিয়েছেন কার্নি। একই বছর দুই দেশের মধ্যে ই-কমার্স সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যাতে কানাডার ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চীনের অনলাইন বাজারে নতুন ক্রেতা খুঁজে পায়। ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগের জন্য যৌথ সিইও রাউন্ডটেবিল গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

চীনের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ায় কানাডার বাণিজ্য সম্প্রসারণের প্রচেষ্টা আরও বড় পরিসরে এগোচ্ছে। গত ১৪ নভেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কার্নি দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। একটি হচ্ছে ফিলিপাইনের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শেষ করা। অন্যটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে অনুরূপ চুক্তির আলোচনা প্রায় সম্পন্ন করা। দুটি চুক্তিই ২০২৭ সালে স্বাক্ষরের লক্ষ্য রয়েছে।

আসিয়ানভুক্ত দেশগুলোতে প্রায় ৭০ কোটি মানুষের বসবাস। সম্মিলিত অর্থনীতির আকার প্রায় ছয় লাখ কোটি ডলার। ২০২৫ সালে এসব দেশের সঙ্গে কানাডার পণ্যবাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৫ হাজার ২৫০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২২ দশমিক ৭ শতাংশ বেশি। নতুন মুক্তবাণিজ্য চুক্তি কার্যকর হলে কানাডার কৃষিপণ্য ও শিল্পপণ্যের জন্য আরও বিস্তৃত বাজার তৈরি হবে। কানাডা সরকারের হিসাব অনুযায়ী, চুক্তিটি দেশের অর্থনীতিতে প্রায় ২০০ কোটি ডলার যুক্ত করতে এবং প্রায় ১৪ হাজার কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করতে পারে।

ফিলিপাইনের সঙ্গেও কানাডার ব্যবসা সম্প্রসারণের সুযোগ বাড়ছে। নতুন মুক্তবাণিজ্য চুক্তি কার্যকর হলে ২০৩৫ সালের মধ্যে দেশটির সঙ্গে রপ্তানি তিন গুণ পর্যন্ত বাড়তে পারে বলে আশা করছে দুই দেশের সরকার। কৃষি, বনজ সম্পদ, খনিজ, মহাকাশ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে কানাডীয় প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হবে। অন্যদিকে ইন্দোনেশিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এবং ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য আলোচনার উদ্যোগ এশিয়ায় কানাডার ব্যবসায়িক যোগাযোগ আরও বিস্তৃত করছে।

ইউরোপেও বাণিজ্যিক অবস্থান শক্ত করছে কানাডা। ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কানাডার পণ্য ও সেবাবাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৭ হাজার ৮০০ কোটি ডলার। গত ৩০ অক্টোবর মন্ট্রিয়লে অনুষ্ঠিত কানাডা-ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনে ‘অ্যালায়েন্স ফর দ্য ফিউচার’ নামে নতুন অংশীদারত্বের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ডিজিটাল বাণিজ্য চুক্তির মূল আলোচনা শেষ হয়েছে, যার মাধ্যমে ইউরোপের বাজারে কানাডীয় প্রতিষ্ঠানের অনলাইন ব্যবসা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা ও উন্নত প্রযুক্তিতেও সহযোগিতা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মধ্যপ্রাচ্যেও কানাডার ব্যবসা সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত ২৭ অক্টোবর অটোয়ায় আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নতুন কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দেন কার্নি। দুই দেশ একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিও স্বাক্ষর করেছে। চুক্তিটি পুরোপুরি কার্যকর হলে সংযুক্ত আরব আমিরাতে কানাডার বর্তমান রপ্তানিপণ্যের ৯৯ শতাংশের বেশি শুল্কমুক্ত বা কম শুল্কে প্রবেশের সুবিধা পাবে। পাশাপাশি কানাডায় সর্বোচ্চ ৭ হাজার কোটি ডলার বিনিয়োগের সুযোগ তৈরিতে সংযুক্ত আরব আমিরাতের পূর্বঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নেও অগ্রগতি হয়েছে।

বিশ্বজুড়ে কানাডার বাণিজ্য সম্প্রসারণের চিত্র রপ্তানির পরিসংখ্যানেও দেখা যাচ্ছে। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার ‘স্টেট অব ট্রেড ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশে কানাডার রপ্তানি ১১ দশমিক ১ শতাংশ বেড়েছে। এর ফলে মোট রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাইরের বাজারগুলোর অংশ ১৯৮১ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই বছর কানাডায় সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় ৯ হাজার ৩০০ কোটি ডলার, যা এক দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

কার্নি সরকারের বৃহত্তর লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে কানাডার রপ্তানি দ্বিগুণ করা। গত ১৪ নভেম্বর ম্যানিলায় এক বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার চলতি বছর সাতটি নতুন বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে এবং আরও সাতটির আলোচনা শুরু করেছে। ইতিমধ্যে ৫১টি দেশের প্রায় ১৫০ কোটি ভোক্তার বাজারে বিশেষ বাণিজ্যিক সুবিধা পায় কানাডা। আসিয়ান ও ভারতের সঙ্গে নতুন চুক্তিগুলো কার্যকর হলে এই পরিধি আরও বাড়বে।

চীনে শুল্কসুবিধা, দক্ষিণ-পূর্ব এশিয়ায় মুক্তবাণিজ্য চুক্তি, ইউরোপের সঙ্গে নতুন অর্থনৈতিক অংশীদারত্ব এবং মধ্যপ্রাচ্য থেকে বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ কানাডার আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছে। এসব উদ্যোগের সুফল কতটা পাওয়া যাবে, তা নির্ভর করবে চুক্তিগুলোর বাস্তবায়ন, রপ্তানি বৃদ্ধি ও নতুন বিনিয়োগের ওপর। তবে বিশ্বের বিভিন্ন দেশে কানাডীয় পণ্যের বাজার সম্প্রসারণের যে পরিকল্পনা মার্ক কার্নি হাতে নিয়েছেন, তার অগ্রগতি ইতিমধ্যে দৃশ্যমান।

তথ্যসূত্র: Prime Minister of Canada; Global Affairs Canada; Reuters; The Globe and Mail

Back to top button
🌐 Read in Your Language