মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকা,১৭ নভেম্বর-কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২০২৪ সালের জুলাই-আগস্টে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর মোতালেব হত্যা মামলায় মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ রিমান্ডের আদেশ দেন।
এর আগে সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর গুলশানের বারিধারা এলাকার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে এসআরবি-১-এর একটি দল।
পরে সন্ধ্যায় তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি সাঈদ খোকন দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য ব্যাপক পরিকল্পনা করছেন বলে তথ্য পাওয়া গেছে। তাকে গ্রেফতার করা সম্ভব হলেও তার সহযোগী পলাতক শীর্ষ নেতাকর্মীরা এখনো আত্মগোপনে রয়েছেন।
এ অবস্থায় গ্রেফতার আসামিকে ১০ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আবেদনে রিমান্ডের পক্ষে সাতটি কারণ উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা ফরোয়ার্ডিংয়ে উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে আসামিদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ, পলাতক আসামিদের বর্তমান অবস্থান জেনে তাদের গ্রেফতার, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত এবং আসামির আশ্রয়দাতাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এ ছাড়া তাদের বর্তমান আস্তানা কোথায়, কোথায় তারা সভা-আলোচনা করছেন এবং দেশে অবস্থানরত তার বিশ্বস্ত কর্মীদের বিষয়ে তথ্য জানার জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের পাশাপাশি জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়েছিল আব্দুল মোতালেব (১৪)। পরে বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে সে নিহত হয়।
এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় ২৫০ থেকে ৩০০ জনকে। এ মামলায় সাঈদ খোকনকে ২৩ নম্বর আসামি করা হয়েছে।
এস এম/ ১৭ নভেম্বর ২০২৬







