সম্পাদকের পাতা

আকাশপথে খাবার পাঠিয়ে উবার ইটসের নতুন চমক

নজরুল মিন্টো

প্রতিদিন সকালে ফোন খুললেই প্রযুক্তির কোনো না কোনো নতুন খবর চোখে পড়ে। একসময় ঘরে বসে কেনাকাটা করার কথা শুনে মানুষ অবাক হতো। চালকের আসন খালি রেখে গাড়ি শহরের রাস্তায় চলবে, এমন দৃশ্যও দেখা যেত সিনেমায়। এখন পছন্দের রেস্তোরাঁয় অর্ডার করলে কোনো কোনো এলাকায় কয়েক মিনিটের মধ্যেই খাবার উড়ে আসছে বাড়ির উঠানে। ড্রোনে খাবার পাঠানোর খবর আগেও এসেছে। এবারের মজাটা হলো, খাবার উঠানের ঠিক কোথায় নামবে, সেটাও গ্রাহক ফোনে ঠিক করে দিতে পারেন।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হিউস্টনের উপকণ্ঠ স্প্রিংয়ে এই সেবা চালু করেছে উবার ইটস। খাবার পৌঁছে দিতে তারা সঙ্গে নিয়েছে ড্রোন নির্মাতা জিপলাইনকে। স্প্রিংয়ের নির্দিষ্ট এলাকায় উবার ইটস অ্যাপ খুললে এখন ‘ড্রোন’ লেখা একটি চিহ্ন দেখা যায়। সেখানে চাপ দিলেই জানা যায়, কোন রেস্তোরাঁ ড্রোনে খাবার পাঠাচ্ছে। অর্ডার দেওয়ার সময় বাড়ির সামনে বা উঠানে খাবার নামানোর মতো একটি খোলা জায়গা বেছে দিতে হয়। খাবার রওনা হলে ফোনেই দেখা যায়, ড্রোনটি কত দূর এসেছে।

সেবা চালুর দিন এবিসির ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে দেখা গেল, ফোনে জায়গা বেছে দেওয়ার পর কী ঘটে। সাংবাদিক জিও বেনিতেজ স্প্রিংয়ের একটি বাড়িতে দুপুরের খাবার আনতে সাবওয়েতে অর্ডার দিলেন। খাবার তৈরি হলে তা নিয়ে উড়ে এল জিপলাইনের ড্রোন। বাড়ির ওপর এসে ড্রোনটি থামল মাটি থেকে ৩০০ ফুটেরও বেশি উঁচুতে। সেখান থেকে দড়িতে ঝুলিয়ে নামিয়ে দিল একটি ছোট বাক্স। বেনিতেজ যেখানে খাবার চেয়েছিলেন, বাক্সটি ঠিক সেখানেই নামল, বাড়ির সামনের ঘাসে।

রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে বের হওয়ার পর গাড়ি বা মোটরসাইকেলকে সিগন্যালে থামতে হয়। সড়কে জট থাকলে অপেক্ষা আরও বাড়ে। ড্রোন খাবার নিয়ে সোজা বাড়ির দিকে উড়ে যেতে পারে। খাবারের বাক্সটিও এমনভাবে তৈরি, যাতে পথে গরম খাবার দ্রুত ঠান্ডা হয়ে না যায়। জিপলাইন বলছে, ড্রোনটি ওপরে রেখেই বাক্স নামানো হয় বলে নিচে শব্দ কম শোনা যায়। বৃষ্টির মধ্যেও উড়তে পারে ড্রোনটি।

জিপলাইন জানায়, সেবায় যুক্ত রেস্তোরাঁগুলো থেকে সর্বোচ্চ প্রায় ১৬ কিলোমিটার দূরে খাবার পাঠানো যাবে। ড্রোনটি ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ১১৩ কিলোমিটার গতিতে উড়তে পারে। একবারে নিতে পারে প্রায় ৩ দশমিক ৬ কেজি খাবার। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কেলার ক্লিফটনের লক্ষ্য, খাবারসহ প্রয়োজনীয় জিনিস মানুষের কাছে ১০ মিনিটেরও কম সময়ে পৌঁছে দেওয়া।

স্প্রিংয়ে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। জার্সি মাইকস ও জ্যাক্সবিসের পাশাপাশি আরবান বার্ড ও আবু ওমর হালালও খাবার পাঠাচ্ছে এই ব্যবস্থায়। আরও সুবিধে হলো, ড্রোনে খাবার এলে টিপ দিতে হয় না। স্প্রিংয়ের পর ডালাসে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের আরও কয়েক ডজন শহরে যেতে চায় উবার ও জিপলাইন। দুই প্রতিষ্ঠানের লক্ষ্য, ২০২৯ সালের শেষ নাগাদ ড্রোনে দিনে ১০ লাখ অর্ডার পৌঁছে দেওয়া।

এদিকে ফোনে গাড়ি ডাকার পর চালকের আসন খালি দেখার অভিজ্ঞতা টোকিওর যাত্রীরাও পেতে যাচ্ছেন ২০২৭ সালে। সান ফ্রান্সিসকোতে ইতিমধ্যে ওয়েমোর চালকবিহীন গাড়ি যাত্রী আনা-নেওয়া শুরু করেছে। টোকিওতে স্থানীয় ট্যাক্সি কোম্পানি নিহন কোৎসু ও ‘গো’ অ্যাপের সঙ্গে মিলে একই সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে ওয়েমো।

নিউইয়র্কে ট্যাক্সি নিয়ে আরেক রকম পরীক্ষা হয়েছে। এ বছরের এপ্রিলে জোবি অ্যাভিয়েশনের বিদ্যুৎচালিত একটি ছোট উড়োজাহাজ জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ম্যানহাটনে পৌঁছেছে ১০ মিনিটেরও কম সময়ে। হেলিকপ্টারের মতো খাড়াভাবে উঠতে ও নামতে পারে এই আকাশট্যাক্সি। পরীক্ষার পর যাত্রীসেবা চালু হলে, বিমানবন্দরে নেমে শহরে ফেরার ট্যাক্সি ডাকতে গিয়ে একদিন হয়তো ফোনেই দেখা যাবে নতুন একটি বিকল্প, ‘আকাশপথে যাবেন?’

তথ্যসূত্র: ABC News; Uber; Waymo

Back to top button
🌐 Read in Your Language