
বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ৭২৯টি বিমান সংস্থা নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। যাত্রী আকর্ষণের জন্য এসব সংস্থা বিভিন্ন সময় নানা ধরনের সুযোগ-সুবিধা ও বিশেষ অফার দিয়ে থাকে। কখনো অর্ধেক দামে টিকিট, কখনো একটি টিকিটের সঙ্গে আরেকটি বিনামূল্যে, আবার কখনো নির্দিষ্ট অর্থের বিনিময়ে এক মাস কিংবা এক বছর যতবার খুশি বিমানে চড়ার সুযোগ। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের জেটব্লু এয়ারওয়েজ মাত্র ৫৯৯ মার্কিন ডলারে এক মাস সীমাহীন ভ্রমণের সুযোগ দিয়েছিল। আরেক মার্কিন বিমান সংস্থা ফ্রন্টিয়ার এয়ারলাইনসের রয়েছে ‘GoWild!’ নামের বিশেষ পাস, যার মাধ্যমে নির্দিষ্ট শর্তে বছরে অসংখ্যবার বিমানে চড়া যায়। তবে এসব অফারের মেয়াদ ও শর্ত রয়েছে।
তবে এসব অফারকেও ছাড়িয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের এক অভিনব প্রস্তাব। ১৯৮১ সালে সংস্থাটি চালু করে AAirpass নামের একটি বিশেষ পাস। আড়াই লাখ মার্কিন ডলার দিয়ে এই পাস কিনলে আজীবন প্রথম শ্রেণিতে সীমাহীন ভ্রমণের অধিকার পাওয়া যেত। ১৯৮৭ সালে সেই সুযোগটি লুফে নেন শিকাগোর বিনিয়োগ ব্যাংকার স্টিভ রথস্টাইন (Steve Rothstein)। এরপর শুরু হয় তাঁর এক অবিশ্বাস্য বিমানভ্রমণের জীবন। কখনো বন্ধুর সঙ্গে দেখা করতে, আবার কখনো নিছক শখের বশে উড়ে বেড়াতেন এক শহর থেকে অন্য শহরে। কিন্তু দুই দশকের বেশি সময় পর এমন এক ঘটনা ঘটল, যার পরিণতিতে আজীবন ভ্রমণের সেই অধিকারই হারাতে হলো তাঁকে। যে বিমান সংস্থা একদিন তাঁকে যত খুশি উড়তে বলেছিল, শেষ পর্যন্ত সেই সংস্থাই তাঁর পাস বাতিল করে দিল।
আজীবন ভ্রমণের সেই অধিকার হারানোর কারণ জানতে ফিরে যেতে হবে রথস্টাইনের পাস কেনার পরের বছরগুলোতে। ১৯৮৯ সালে আরও দেড় লাখ ডলার দিয়ে একজন সঙ্গী নেওয়ার সুবিধাও যুক্ত করেন তিনি। সব মিলিয়ে চার লাখ মার্কিন ডলারের বিনিময়ে নিজের পাশাপাশি একজন সঙ্গীরও আজীবন প্রথম শ্রেণিতে ভ্রমণের সুযোগ নিশ্চিত করেন রথস্টাইন।
এরপর রথস্টাইনের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া তাঁর কাছে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, লন্ডন, প্যারিস, টোকিওসহ নানা শহরে ঘুরে বেড়াতে থাকেন তিনি। এমনও হয়েছে, কোনো বন্ধু প্যারিসের লুভর জাদুঘরের নতুন প্রদর্শনীর কথা বলেছেন। রথস্টাইন সঙ্গে সঙ্গে শিকাগো থেকে সান ফ্রান্সিসকো গিয়ে সেই বন্ধুকে নিয়ে প্যারিসের উদ্দেশে রওনা হয়েছেন।
২০০৪ সালের জুলাই মাসেই তিনি ১৮টি ফ্লাইটে ভ্রমণ করেন। ওই মাসে তাঁর গন্তব্যের তালিকায় ছিল কানাডার নোভা স্কোশিয়া, নিউইয়র্ক, মায়ামি, লন্ডন, লস অ্যাঞ্জেলেস, মেইন, ডেনভার ও ফোর্ট লডারডেল। কয়েকটি জায়গায় একাধিকবারও গিয়েছিলেন। সাধারণ যাত্রীর কাছে এ ধরনের ভ্রমণসূচি তৈরি করাই কঠিন। কিন্তু রথস্টাইনের জন্য বিমান সংস্থার বিশেষ কর্মীরা সব ব্যবস্থা করে দিতেন।
শুধু নিজের আনন্দেই ভ্রমণ করতেন না তিনি। মাঝেমধ্যে অপরিচিত মানুষকেও প্রথম শ্রেণিতে ভ্রমণের সুযোগ করে দিতেন। বিমানবন্দরে কারও সঙ্গে আলাপ হলে এবং নিজের পাশের আসনটি খালি থাকলে তাঁকে সঙ্গী হিসেবে নিয়ে যেতেন। একবার ভারতের নয়াদিল্লিতে পরিচয় হওয়া এক নারীকে শিকাগো পর্যন্ত প্রথম শ্রেণিতে নিয়ে আসেন। আমেরিকান এয়ারলাইনস পরে ওই ভ্রমণের আসনটির মূল্য হিসাব করেছিল প্রায় সাড়ে সাত হাজার মার্কিন ডলার।
রথস্টাইনকে বিমান সংস্থার কর্মীরাও চিনতেন। এত বেশি ভ্রমণ করতেন যে, তাঁর নাম, পছন্দ ও অভ্যাস পরিচিত হয়ে উঠেছিল অনেকের কাছে। ১৯৯৮ সালে আমেরিকান এয়ারলাইনসের সাবেক প্রধান নির্বাহী রবার্ট ক্র্যান্ডাল তাঁকে একটি ব্যক্তিগত চিঠিও লিখেছিলেন। সেখানে বিশেষ পাসটি ব্যবহার করে রথস্টাইনের আনন্দ পাওয়ার কথা উল্লেখ করে ভবিষ্যতেও চুক্তি রক্ষার আশ্বাস দেওয়া হয়েছিল।
রথস্টাইনের ভ্রমণসংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ১০ হাজারের বেশি ফ্লাইটের কথা উল্লেখ করা হয়েছে। তাঁর মোট ভ্রমণদূরত্ব অবশ্য তিন কোটি মাইলেরও বেশি বলে জানিয়েছিল লস অ্যাঞ্জেলেস টাইমস। এত বেশি উড়েছেন যে, সাধারণ যাত্রীর সারা জীবনের বিমানভ্রমণও তাঁর কয়েক মাসের যাতায়াতের কাছে তুচ্ছ মনে হতে পারে।
২০০৭ সালে আমেরিকান এয়ারলাইনসের বিশেষ তদন্ত বিভাগ রথস্টাইনসহ কয়েকজন নিয়মিত পাস ব্যবহারকারীর ভ্রমণের হিসাব পরীক্ষা শুরু করে। তদন্তে দেখা যায়, রথস্টাইন এবং আরেক পাসধারী জ্যাক ভ্রুমের কারণে বিমান সংস্থাটির বছরে প্রত্যেকের পেছনে দশ লাখ মার্কিন ডলারের বেশি আর্থিক ক্ষতি হচ্ছে বলে কর্তৃপক্ষ হিসাব করেছে।
তদন্তে আরও বিস্ময়কর তথ্য পাওয়া যায়। চার বছরেরও কম সময়ে রথস্টাইন ৩ হাজার ৯টি ফ্লাইটের আসন সংরক্ষণ করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৫২৩টি বুকিং বাতিল করা হয়েছিল বলে লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে।
আরও একটি বিষয় নিয়ে আপত্তি তোলে বিমান সংস্থা। রথস্টাইন কখনো কখনো সঙ্গীর আসন সংরক্ষণ করতেন এমন নামে, যার কোনো বাস্তব যাত্রী ছিল না। যেমন ‘স্টিভেন রথস্টাইন জুনিয়র’ কিংবা ‘ব্যাগ রথস্টাইন’। উদ্দেশ্য ছিল নিজের পাশের আসনটি খালি রাখা। আদালতের নথি অনুযায়ী, ২০০৩ সালের ডিসেম্বর থেকে ২০০৪ সালের এপ্রিল পর্যন্ত অন্তত ৪১ বার তিনি ‘স্টিভেন রথস্টাইন জুনিয়র’ নামে সঙ্গীর আসন সংরক্ষণ করেছিলেন। ২০০৪ সালের এপ্রিলেই এভাবে খালি আসন সংরক্ষণ না করতে তাঁকে সতর্ক করেছিল আমেরিকান এয়ারলাইনস।
রথস্টাইন অবশ্য দাবি করেন, বিমান সংস্থার কর্মীরা তাঁর আসন সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে জানতেন। দীর্ঘদিন ধরে এসব বুকিং গ্রহণও করেছিলেন তাঁরা। তাঁর বক্তব্য ছিল, চুক্তিতে সীমাহীন ভ্রমণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তিনি সেই সুবিধাই ব্যবহার করেছেন।
কিন্তু বিমান সংস্থার যুক্তি ছিল ভিন্ন। একজন প্রকৃত সঙ্গীকে সঙ্গে নেওয়ার অধিকার দেওয়া হয়েছিল, নিজের জন্য দ্বিতীয় একটি খালি আসন সংরক্ষণের অধিকার নয়।
এই বিরোধের মধ্যেই ২০০৮ সালের ১৩ ডিসেম্বর ঘটে সেই ঘটনা, যা রথস্টাইনের দীর্ঘ বিমানভ্রমণের জীবনে বড় ধাক্কা হয়ে আসে। সেদিন শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন তিনি। সঙ্গে ছিলেন একজন সঙ্গী। তাঁদের গন্তব্য লন্ডন। অন্য দিনের মতোই লাগেজ জমা দেন, আনুষ্ঠানিকতা শেষ করে বিমানে ওঠার প্রস্তুতি নেন। কিন্তু বোর্ডিংয়ের সময় বিমান সংস্থার একজন কর্মী তাঁর হাতে একটি চিঠি তুলে দেন। চিঠিতে জানানো হয়, প্রতারণামূলক ব্যবহারের অভিযোগে অবিলম্বে বাতিল করা হয়েছে তাঁর আজীবন ভ্রমণের AAirpass।
যে মানুষটি দুই দশকের বেশি সময় ধরে ইচ্ছামতো বিমানে চড়েছেন, পৃথিবীর বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছেন, বিমানবন্দরের কর্মীদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন, তিনি সেদিন আর নিজের বিশেষ পাস ব্যবহার করে বিমানে উঠতে পারলেন না।
রথস্টাইন এ সিদ্ধান্ত মেনে নেননি। ২০০৯ সালে তিনি ইলিনয় অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে আমেরিকান এয়ারলাইনসের বিরুদ্ধে মামলা করেন। তাঁর অভিযোগ, আজীবন ভ্রমণের অধিকার কেড়ে নিয়ে প্রতিষ্ঠানটি চুক্তি ভঙ্গ করেছে।
অন্যদিকে আমেরিকান এয়ারলাইনস পাল্টা দাবি করে, রথস্টাইন চুক্তির শর্তের অপব্যবহার করেছেন। চুক্তিতে প্রতারণামূলক ব্যবহার শনাক্ত হলে পাস বাতিলের অধিকার সংস্থাটিকে দেওয়া ছিল।
২০১১ সালের ৩০ জুন বিচারক ভার্জিনিয়া এম কেনডাল রথস্টাইনের চুক্তি ভঙ্গের দাবিতে আমেরিকান এয়ারলাইনসের পক্ষে রায় দেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, কাল্পনিক নামে সঙ্গীর আসন সংরক্ষণের ঘটনাকে প্রতারণামূলক ব্যবহার হিসেবে বিবেচনা করে চুক্তির নির্ধারিত ধারা অনুযায়ী পাস বাতিলের অধিকার বিমান সংস্থার ছিল।
এদিকে আমেরিকান এয়ারলাইনসও বুঝতে পেরেছিল, আজীবন সীমাহীন ভ্রমণের পাস বিক্রির পরিকল্পনায় বড় ধরনের ব্যবসায়িক ঝুঁকি ছিল। ১৯৯০ সালে সঙ্গীসহ পাসের দাম বাড়িয়ে ছয় লাখ ডলার করা হয়। ১৯৯৩ সালে সেই দাম পৌঁছায় ১০ লাখ ১০ হাজার ডলারে। পরের বছর সীমাহীন আজীবন পাস বিক্রি বন্ধ করে দেওয়া হয়।
২০০৪ সালে অবশ্য আরেকবার বিশেষভাবে এই পাস বিক্রির চেষ্টা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিলাসবহুল বিপণি প্রতিষ্ঠান নেইম্যান মার্কাসের বড়দিনের উপহারসামগ্রীর তালিকায় রাখা হয় আজীবন বিমানভ্রমণের পাস। এবার একজনের জন্য মূল্য নির্ধারণ করা হয় ৩০ লাখ মার্কিন ডলার। সঙ্গীর জন্য আরও ২০ লাখ ডলার। অর্থাৎ দুজনের আজীবন ভ্রমণের সুবিধা পেতে মোট ৫০ লাখ মার্কিন ডলার দিতে হতো। কিন্তু এত দামে একজন ক্রেতাও পাওয়া যায়নি।
তথ্যসূত্র: Los Angeles Times; The Guardian







