১২৮ দেশের সম্মতিতে ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির খসড়া তৈরির সিদ্ধান্ত

বার্ন, ২১ নভেম্বর-কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র বা ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির খসড়া তৈরির বিষয়ে একমত হয়েছে ১২৮টি দেশ। আগামী দুই বছরের মধ্যে এ বিষয়ে একটি সম্ভাব্য সমঝোতা কাঠামো তৈরির সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের সদস্যদেশগুলো।
তবে আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা প্রণয়নের বিষয়ে দেশগুলো একমত হতে পারেনি। এ ঘটনায় হতাশা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো।
সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় প্রচলিত কিছু নির্দিষ্ট অস্ত্রসংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের (সিসিডব্লিউ) সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ১০০টি দেশ দ্রুত আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা প্রণয়নের পক্ষে অবস্থান নিয়েছিল।
এসব অস্ত্রের বিশেষত্ব হলো, মানুষের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে লক্ষ্যবস্তু শনাক্ত করে প্রাণঘাতী হামলা চালাতে পারে।
তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের মতো প্রধান অস্ত্র উৎপাদনকারী দেশগুলো দ্রুত বিধিমালা গ্রহণের উদ্যোগের বিরোধিতা করে। এই কনভেনশনের আওতায় কোনো সিদ্ধান্ত নিতে হলে সব সদস্যদেশের সম্মতি প্রয়োজন।
কূটনীতিকদের ভাষ্য অনুযায়ী, প্রক্রিয়াগত বিষয়ে রাশিয়ার আপত্তির কারণে সম্মেলনের কয়েকটি আনুষ্ঠানিক অধিবেশন বাতিল করতে হয়।
পরে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সারা রাত আলোচনা চলে।
সম্মেলনের সভাপতি সুইস কূটনীতিক জুলিয়েন থোনি জানান, কয়েকটি দেশ চুক্তির বিষয়ে ‘নেগোশিয়েশন বা আলোচনা’ শব্দটি ব্যবহারে আপত্তি জানিয়েছে। এ কারণে চূড়ান্ত নথিতে আলোচনার পরিবর্তে একটি আন্তর্জাতিক দলিল ‘এলাবোরেশন বা প্রণয়নের’ কথা বলা হয়েছে।
তিনি বলেন, এক দশকের বেশি সময় ধরে চলা আলোচনায় মানবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তার ভাষায়, ‘আজকের গভীর বিভক্ত বিশ্বেও বহুপক্ষীয় কূটনীতি যে বাস্তব ফলাফল আনতে পারে, এই সিদ্ধান্ত তার প্রমাণ।’
থোনি আরও বলেন, পরবর্তী আলোচনার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় কোন ধরনের অস্ত্র নিষিদ্ধ করা হবে এবং কোনগুলো নির্দিষ্ট নিয়ন্ত্রণের শর্তে ব্যবহারের অনুমতি পাবে, তা নির্ধারণ করা হবে।
তবে সিদ্ধান্তটিকে দুর্বল ও অস্পষ্ট বলে সমালোচনা করেছে স্বয়ংক্রিয় অস্ত্রের বিরুদ্ধে কাজ করা ৩০০টি সংগঠনের জোট ‘স্টপ কিলার রোবটস’। তাদের অভিযোগ, এই সিদ্ধান্তে আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা তৈরির কোনো সুস্পষ্ট পথনির্দেশনা নেই।
জোটটির নির্বাহী পরিচালক নিকোল ভ্যান রুইয়েন বলেন, যুদ্ধক্ষেত্রে ইতিমধ্যে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে এমন ব্যবস্থাও রয়েছে, যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজেরাই লক্ষ্যবস্তু নির্বাচন করতে পারে। আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি তৈরিতে বিলম্ব বেসামরিক নাগরিক ও মানবজাতিকে ঝুঁকির মুখে ফেলছে।
হিউম্যান রাইটস ওয়াচের অস্ত্রবিষয়ক উপপরিচালক ভেরিটি কোয়েলও সম্মেলনের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, নতুন বিধিমালা প্রণয়নে জরুরি পদক্ষেপ নেওয়ার যে প্রয়োজন রয়েছে, এই সিদ্ধান্ত তা পূরণ করতে পারেনি। অথচ প্রযুক্তির অগ্রগতি দ্রুত এগিয়ে চলেছে।
এস এম/ ২১ নভেম্বর ২০২৬






