ক্রিকেট

শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

ক্যানবেরা,২১ নভেম্বর-মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। সফরকারীদের দেওয়া ১৮৭ রানের লক্ষ্য এক বল বাকি থাকতে পেরিয়ে যায় স্বাগতিকরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মিচেল মার্শের দল।

টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই ফিল সল্টকে আউট করেন জাভিয়ার বার্টলেট। এরপর ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ ছাড়ে অস্ট্রেলিয়া। প্রথম তিন ওভারেই তিনটি ক্যাচ মিস করে দলটি। পুরো ইনিংসে মোট ছয়টি ক্যাচ ছাড়ে তারা। এই সুযোগ কাজে লাগিয়ে ২৮ বলে ৬৫ রান করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। ২০ বলে ফিফটি পূর্ণ করা ব্রুকের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে ৭৪ রান তোলে ইংল্যান্ড। তৃতীয় উইকেটে টম ব্যান্টনের সঙ্গে ৪১ বলে ৯৭ রানের জুটি গড়েন তিনি। ব্যান্টন করেন ২২ বলে ৩৯ রান।

১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১১৯ রান। তবে শেষ দিকে নিখিল চৌধুরী ও জ্যাক এডওয়ার্ডস দুটি করে উইকেট নিয়ে ইংল্যান্ডের রান আটকে দেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এমসিজিতে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে এই রেকর্ড ছিল ভারতের দখলে। ২০২২ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮৬ রান করেছিল তারা।

জবাবে ব্যাট করতে নেমে ৩৮ বলে ৬৬ রানের ইনিংস খেলেন নিখিল চৌধুরী। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম ফিফটি। এর আগে স্যাম হার্পার ১৫ বলে ৩২ রান এবং মিচেল মার্শ ৩৭ রান করেন। চৌধুরী আউট হওয়ার পর শেষ ১২ বলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২০ রান। সেই সময় ১১ বলে অপরাজিত ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে নেন এডওয়ার্ডস।

শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১১ রান। স্যাম কারানের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে জয়ের সমীকরণ সহজ করেন এডওয়ার্ডস। পঞ্চম বলে এক রান প্রয়োজন হলে বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি। ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ২৯ রান দিয়ে ২ উইকেট নেন।

এস এম/ ২১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language