জাতীয়

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি হেফাজতে ইসলামের

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ

ঢাকা,২১ নভেম্বর-ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিষয়ে ভুক্তভোগী শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।

তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। বরং জুলাই গণঅভ্যুত্থানের মুখে গণহত্যা চালানো দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। দিল্লির মদদে চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করা হবে বলে মন্তব্য করেন তারা। ইনশাআল্লাহ, এমনটিই হবে বলে আশা প্রকাশ করেন। তাদের বাংলাদেশবিরোধী এজেন্ডার পক্ষে যেসব গণমাধ্যমকে কাজ করতে দেখা যাচ্ছে, আরেকটি গণপ্রতিরোধের সময় তারাও রেহাই পাবে বলে মনে করেন তারা।

বিবৃতিতে তারা আরও বলেন, পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহতরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাদের ন্যায়বিচারের কথা বিবেচনা না করে যারা বিভিন্ন টকশো ও প্ল্যাটফর্মে এখনো পতিত আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের এজেন্ডা অনুযায়ী কথা বলছেন, তাদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে বলে তারা মনে করেন। অতীতেও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে প্রতারণামূলকভাবে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও দলটি নিজেদের সংশোধন করেনি। ফলে দলটির বিষয়ে বিগত শাসনামলে তাদের নৃশংস ফ্যাসিবাদের শিকার শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।

হেফাজত নেতারা বলেন, রাষ্ট্রক্ষমতা দখল করে ১৫ বছর ধরে গুম-খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যা চালানোর পর বাংলাদেশে দলটির আর কোনো রাজনৈতিক বৈধতা থাকতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে। ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।

তারা আরও বলেন, প্রভু রাষ্ট্রের নানা চেষ্টা ও তদবিরের পরও এখন পর্যন্ত তৃতীয় কোনো রাষ্ট্র মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি। কোনো সভ্য রাষ্ট্র এমন ঘৃণ্য অপরাধীকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়তে চায় না বলেই তাদের ধারণা। সম্প্রতি দ্য গার্ডিয়ান গণহত্যাকারী শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে, দ্য ইকোনমিস্ট হাসিনার শাসনকালকে ‘নিকৃষ্ট শাসন’ বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও হাসিনার চরিত্র এখন উন্মোচিত হয়েছে। ইতিহাস এভাবেই দাম্ভিক ও মাফিয়া শাসকের পরিণতি লিখে দেয়।

এস এম/ ২১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language