সম্পাদকের পাতা

বাফলোতে নরহত্যার অভিযোগে অভিযুক্ত চার তরুণ

নজরুল মিন্টো

নরহত্যার অভিযোগে অভিযুক্ত চার তরুণ

নতুন একটি বাসায় সংসার সাজানোর প্রস্তুতি নিচ্ছিলেন ৩০ বছর বয়সী এক যুবক। প্রিয় মানুষটির সঙ্গে নতুন ঠিকানায় ওঠার কথা ছিল কয়েক দিনের মধ্যেই। বৃহস্পতিবার রাতে সেই বাসায় কিছু জিনিসপত্র পৌঁছে দিয়ে নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন তিনি। সামনে অপেক্ষা করছিল নতুন জীবনের আনন্দ। কিন্তু বাড়ি ফেরার পথে যে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন, সেখানে তখন চলছিল একদল তরুণের বেপরোয়া গাড়ির দৌড়। গাড়ির ইঞ্জিনের গর্জন, টায়ারের ঘর্ষণে ধোঁয়া আর আতশবাজির শব্দে মহাসড়কজুড়ে তৈরি হয়েছিল ভয়ংকর পরিস্থিতি। তিনটি লেন আটকে রেখেছিল কয়েকটি গাড়ি। যানজটে আটকা পড়েন সেই যুবকও। কিছুক্ষণ পর পেছন থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি গাড়ি সজোরে আঘাত করে তাঁর গাড়িতে। বাড়ি ফেরার সেই যাত্রাই হয়ে ওঠে তাঁর জীবনের শেষ যাত্রা।

ঘটনাটি ২০২৬ সালের ১৯ মার্চ রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফলো শহরের কেনসিংটন এক্সপ্রেসওয়েতে। স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বেআইনি গাড়ির দৌড় ও বিপজ্জনক কসরতে অংশ নিয়েছিল প্রায় ৫০টি গাড়ি। সেই বিশৃঙ্খলার মধ্যেই প্রাণ হারান নিরপরাধ এক গাড়িচালক। দীর্ঘ আট মাস তদন্তের পর সোমবার ২৩ নভেম্বর চার তরুণের বিরুদ্ধে নরহত্যার অভিযোগ গঠনের কথা জানিয়েছে এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর। দোষী সাব্যস্ত হলে তাঁদের প্রত্যেকের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড হতে পারে।

কেনসিংটন এক্সপ্রেসওয়ে, স্থানীয়ভাবে রুট ৩৩ নামে পরিচিত, বাফলো শহরের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। প্রতিদিন অসংখ্য মানুষ এই পথ ব্যবহার করেন। কিন্তু ১৯ মার্চ বৃহস্পতিবার রাত ১১টার পর পশ্চিমমুখী লেনগুলোতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হতে শুরু করে। কয়েকটি গাড়ি মহাসড়কের মাঝখানে থামিয়ে রাখা হয়। কেউ দ্রুত লেন পরিবর্তন করে গাড়ি চালাচ্ছিলেন, কেউ আবার গাড়ির চাকা ঘুরিয়ে ধোঁয়া উড়িয়ে নানা ধরনের কসরত দেখাচ্ছিলেন। গাড়ির দৌড়ের পাশাপাশি চলছিল আতশবাজি ফোটানো।

রাত ১১টা ৩ মিনিট থেকে জরুরি নম্বর ৯১১-এ একের পর এক ফোন আসতে থাকে। আতঙ্কিত প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, একদল গাড়িচালক মহাসড়ক অবরোধ করে বিপজ্জনক কর্মকাণ্ড চালাচ্ছেন। স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউকেবিডব্লিউকে এরি কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল কেইন জানান, অংশগ্রহণকারীদের কেউ কেউ ঘণ্টায় ১০০ মাইল বা প্রায় ১৬১ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন। অর্থাৎ ঘণ্টায় প্রায় ১৬১ কিলোমিটার বেগে। ব্যস্ত মহাসড়ককে কার্যত প্রতিযোগিতার জায়গায় পরিণত করেছিলেন তাঁরা।

তদন্তকারীদের অভিযোগ অনুযায়ী, বেপরোয়া এই কর্মকাণ্ডের একপর্যায়ে মহাসড়কের তিনটি লেনেই গাড়ি দাঁড় করিয়ে অন্য যানবাহনের চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝের লেনটি আটকে রেখেছিলেন ২৩ বছর বয়সী শাফি আহমেদ। বাঁ পাশের লেন বন্ধ করে রেখেছিলেন ২১ বছর বয়সী সাইফ জুনাব আলী। আর ডান পাশের লেনটি আটকে রেখেছিলেন ২১ বছর বয়সী আবু সালেহ। তিনজনই পৃথক গাড়ি চালাচ্ছিলেন। তাঁদের অবস্থানের কারণে পেছন থেকে আসা সাধারণ গাড়িচালকেরা সামনে এগোতে পারছিলেন না।

সেই সময় নিজের ‘কিয়া’ গাড়ি নিয়ে লোকাস্ট স্ট্রিট এক্সিটের কাছে পৌঁছান সেই যুবক। সামনে গাড়ির সারি দাঁড়িয়ে থাকতে দেখে তিনিও মাঝের লেনে থামতে বাধ্য হন। সামনে শাফি আহমেদের গাড়ি, দুই পাশের লেনও অবরুদ্ধ। যুবকটির সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া কারও পরিচয় ছিল না। তিনি ওই বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। কেবল বাড়ি ফিরছিলেন।

রাত প্রায় ১১টা ৪০ মিনিট। পেছন থেকে অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে আসছিল আরেকটি গাড়ি। চালকের বয়স ১৭ বছর। প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, সামনে থাকা একটি গাড়িকে এড়াতে গিয়ে তিনি হঠাৎ দিক পরিবর্তন করেন। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেননি। সজোরে ধাক্কা দেন যুবকের থেমে থাকা গাড়ির পেছনে। ধাক্কার প্রচণ্ডতায় যুবকের গাড়িটি সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি গাড়ির ওপর আছড়ে পড়ে।

মুহূর্তের মধ্যে কয়েকটি গাড়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে। যুবকের গাড়ি সামনে ও পেছন থেকে আঘাতপ্রাপ্ত হয়। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। জরুরি চিকিৎসাকর্মীরা তাঁকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে এরি কাউন্টি মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। পরিবারের প্রকাশিত মৃত্যুসংবাদে তাঁর মৃত্যুর তারিখ উল্লেখ করা হয়েছে ২০ মার্চ।

প্রসিকিউটরদের অভিযোগ, দুর্ঘটনার পর মহাসড়কের তিনটি লেন আটকে রাখা শাফি আহমেদ, সাইফ জুনাব আলী ও আবু সালেহ ঘটনাস্থল ছেড়ে চলে যান। দুর্ঘটনার খবর পুলিশকেও জানাননি তাঁরা। তদন্তকারীদের মতে, শুধু সরাসরি ধাক্কা দেওয়া গাড়িটির চালকই নন, মহাসড়ক অবরোধকারী অন্য তিন চালকও এই মৃত্যুর জন্য দায়ী। তাঁদের কর্মকাণ্ডের কারণেই দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়েছিল বলে অভিযোগ প্রসিকিউটরদের। এ কারণেই চারজনের বিরুদ্ধে একই ধরনের নরহত্যার অভিযোগ আনা হয়েছে।

দুর্ঘটনায় নিহত যুবকের নাম জনলুক জেরার্ড জুবার্ট (JohnLuc Gerard Jubert)। পরিবার ও বন্ধুদের কাছে তিনি জ্যাক কিংবা জেএল নামেও পরিচিত ছিলেন। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই তরুণ বাফলোতেই বেড়ে ওঠেন। পড়াশোনা করেছিলেন সেন্ট জোসেফস কলেজিয়েট ইনস্টিটিউটে। পরে ক্যানিসিয়াস কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে যুক্ত ছিলেন ল্যাকটালিস আমেরিকান গ্রুপের অর্থ বিভাগে।

প্রিয় বান্ধবী কেইটলিন ব্যারানের সঙ্গে সংসার গড়ার স্বপ্ন দেখছিলেন জনলুক। সপ্তাহান্তেই নতুন অ্যাপার্টমেন্টে ওঠার কথা ছিল তাঁদের। প্রস্তুতিও ছিল প্রায় শেষ পর্যায়ে। কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় সংসার সাজানোর সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

দুর্ঘটনার প্রায় সাত মাস পর স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেইটলিন জানিয়েছিলেন, তিনি শুধু প্রিয় মানুষটিকেই হারাননি, হারিয়েছেন তাঁকে নিয়ে দেখা ভবিষ্যতের স্বপ্নগুলোও। জনলুকের অনুপস্থিতি যে কত বড় শূন্যতা তৈরি করেছে, তা প্রতিদিন অনুভব করছেন তিনি।

জনলুকের পরিবারেও নেমে আসে গভীর শোক। বাবা জন জুবার্ট, মা মলি ম্যাশানিক-জুবার্ট, বড় বোন মরিন এবং ছোট ভাই ড্যানিয়েলের কাছে তিনি ছিলেন পরিবারের অত্যন্ত প্রিয় একজন মানুষ। তাঁর মৃত্যুর পর পরিবার ও বন্ধুরা মিলে শুরু করেন ‘জাস্টিস ফর জনলুক’ (Justice for JohnLuc) নামে একটি উদ্যোগ। উদ্দেশ্য শুধু দোষীদের বিচারের দাবি জানানো নয়, বেআইনি গাড়ির দৌড়ের ভয়াবহতা সম্পর্কেও মানুষকে সচেতন করা।

সাত মাস পেরিয়ে যাওয়ার পরও কাউকে গ্রেপ্তার না করায় পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। তাঁরা জানতে চাইছিলেন, এত বড় একটি দুর্ঘটনা কীভাবে ঘটল, কারা জড়িত ছিল এবং তদন্তে এত সময় লাগছে কেন। জনলুকের বড় বোন মরিন প্রশ্ন তুলেছিলেন, অন্য জায়গায় পুলিশ বেআইনি গাড়ির দৌড় বন্ধ করতে গাড়ি জব্দ ও অভিযুক্তদের গ্রেপ্তার করে। বাফলোতে একই ধরনের কঠোর ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না?

দীর্ঘ তদন্তের পর ২৩ নভেম্বর সকালে এরি কাউন্টির কিশোর অপরাধসংক্রান্ত বিশেষ আদালতের বিচারক ব্রেন্ডা ফ্রিডম্যানের সামনে চার অভিযুক্তকে হাজির করা হয়। এ সময় তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগপত্র প্রকাশ করা হয়। অভিযুক্তরা হলেন বাফলো শহরের বাসিন্দা শাফি আহমেদ (২৩), একই শহরের সাইফ এ. জুনাব আলী (২১), কেনমোর এলাকার আবু এ. সালেহ (২১) এবং বাফলো শহরের ১৮ বছর বয়সী আরেক তরুণ।

চতুর্থ অভিযুক্তের বয়স ঘটনার সময় ছিল ১৭ বছর। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অপরাধের ক্ষেত্রে নিউইয়র্কের বিশেষ বিচারিক বিধান অনুযায়ী তাঁর মামলার কার্যক্রম চলছে। তরুণ অপরাধী হিসেবে বিশেষ বিচারিক বিবেচনার সুযোগ থাকায় তাঁর নাম প্রকাশ করেনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর। চারজনের প্রত্যেকের বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি ম্যানস্লটার বা দ্বিতীয় মাত্রার নরহত্যার অভিযোগ আনা হয়েছে। নিউইয়র্কের আইনে বেপরোয়া আচরণের মাধ্যমে অন্যের মৃত্যু ঘটানোকে এ ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয়।

প্রাপ্তবয়স্ক তিন অভিযুক্তের বিরুদ্ধে দুর্ঘটনায় কারও মৃত্যু হওয়ার পর ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার অতিরিক্ত অভিযোগও আনা হয়েছে।

বিচারক ব্রেন্ডা ফ্রিডম্যান তিন অভিযুক্তের প্রত্যেকের জামিনের জন্য ৭৫ হাজার মার্কিন ডলার নগদ অর্থ বা বন্ড অথবা ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলারের আংশিক জামানতযুক্ত বন্ড নির্ধারণ করেছেন। অন্যদিকে ১৮ বছর বয়সী অভিযুক্তের জামিন নামঞ্জুর করে তাঁকে আটক রাখার নির্দেশ দিয়েছেন।

কিশোর বয়সে অপরাধের অভিযোগে অভিযুক্ত তরুণকে আগামী সোমবার ৩০ নভেম্বর বেলা ২টায় বিশেষ পর্যালোচনার জন্য আদালতে হাজির করা হবে। চারজনের মামলার পরবর্তী প্রাক্-বিচার শুনানি নির্ধারিত হয়েছে বুধবার ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায়।

এই মামলার একটি গুরুত্বপূর্ণ দিক হলো, সরাসরি সংঘর্ষ ঘটানো গাড়িটির চালক ছাড়াও আরও তিনজনকে নরহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে। প্রসিকিউটরদের যুক্তি অনুযায়ী, মহাসড়কের তিনটি লেন আটকে রেখে তাঁরা এমন বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, যার ফলে একজন নিরপরাধ গাড়িচালক প্রাণ হারিয়েছেন। অর্থাৎ অন্যের গাড়িতে সরাসরি ধাক্কা না দিয়েও দুর্ঘটনার পরিস্থিতি সৃষ্টি করার কারণে নরহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হতে পারেন তাঁরা। অভিযুক্ত শাফি আহমেদ, সাইফ জুনাব আলী ও আবু সালেহর নাম স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তথ্যসূত্র: WKBW; Erie County District Attorney’s Office

Back to top button
🌐 Read in Your Language