জাতীয়

হাতকড়া পরিয়ে বা কঠোর নজরদারিতে শেখ হাসিনাকে ফেরানো যেতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা,২৪ নভেম্বর-ক্ষমতাচ্যুত ও পলাতক দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে শুধু হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে।

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনা কী চান আর বাস্তবে কী ঘটতে পারে, এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সরকার আত্মবিশ্বাসী। এ বিষয়ে জনগণকে অবহিত রাখা হবে।

তিনি বলেন, আমরা সব সময় দৃঢ়ভাবে জনগণের পাশে রয়েছি। আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি এবং জনগণকে সঙ্গে নিয়েই কাজ করছি।

আওয়ামী লীগের সমর্থকেরা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বিক্ষিপ্ত হামলায় জড়িত বলে অভিযোগ করেন হুমায়ুন কবির। এসব হামলায় শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, তবে এসব হামলা জনগণকে ভীতসন্ত্রস্ত করতে পারেনি।

ব্রিফিংয়ে কূটনীতিকেরা কোনো বক্তব্য দিয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, এটি নিয়মিত কূটনৈতিক হালনাগাদ কার্যক্রমের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এ ধরনের অনেক আলোচনা করেছে।

এস এম/ ২৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language