বান্দরবান

সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ, আটকা পড়েছেন পর্যটকরা

সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

বান্দরবান, ১১ অক্টোবর-সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি শুরু করেছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।

রবিবার (১১ অক্টোবর) সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে যাতায়াতের প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এ সময় তাঁরা যান চলাচলে বাধা দেন।

খাগড়াছড়ি মাহিন্দ্রা মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি টুন্টু মনি চাকমা বলেন, এখন পর্যটকদের ভরা মৌসুম চলছে। প্রতিদিন গড়ে ৩০টি মাহিন্দ্রা ও জিপে করে প্রায় আড়াই হাজার পর্যটক সাজেকে যান। রবিবার সকালেও অনেক পর্যটক খাগড়াছড়ি শহর থেকে সাজেকের উদ্দেশে রওনা হন। কিন্তু অবরোধের কারণে তাঁরা বাঘাইহাটের পর আর যেতে পারেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় বেলা দুইটার দিকে পর্যটকদের সাজেকে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, অবরোধের খবর শুনে গতকাল কিছু পর্যটক সাজেক ছেড়ে চলে গেছেন। আবার নতুন করে কিছু পর্যটকও এসেছেন। সব মিলিয়ে বর্তমানে সাজেকে প্রায় তিন হাজার পর্যটক অবস্থান করছেন। সকালে খাগড়াছড়ির উদ্দেশে পর্যটকদের নিয়ে কোনো গাড়ি সাজেক থেকে বের হয়নি। বেলা দুইটার দিকে পর্যটকদের নিয়ে গাড়ি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সাজেকে কোনো যানবাহন চলাচল করছে না। পর্যটকবাহী সব গাড়ি নিরাপত্তা বাহিনীর পাহারায় বেলা দুইটার দিকে সাজেক থেকে বের হবে। একই সময়ে বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশে গাড়ি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এস এম/ ১১ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language