বান্দরবান

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা আনসার কমান্ড্যান্ট

জেলা আনসার কমান্ড্যান্ট

বান্দরবান,১৫ অক্টোবর- শারদীয় দুর্গোৎসবে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বান্দরবানের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল।

বৃহস্পতিবার তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় মণ্ডপে দায়িত্ব পালনরত আনসার ও ভিডিপি সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থাও পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ব্রিফিং দেন। এ সময় তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘পূজামণ্ডপে আসা ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সজাগ থাকতে হবে এবং আইনশৃঙ্খলার ব্যাঘাত যেন না ঘটে, সে জন্য সর্বদা সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখতে হবে।’

এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে আনসার ও ভিডিপি সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জেলা কমান্ড্যান্টের এই পরিদর্শন ও দিকনির্দেশনা দায়িত্ব পালনরত সদস্যদের মধ্যে সতর্কতা ও কর্মোদ্দীপনা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ১৫ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language